কৃষ্ণনগরে ‘নেতাজি আর্কাইভ’ উদ্বোধন

২৩ জানুয়ারি, ২০২৬ ‘নেতাজি আর্কাইভ’ (কৃষ্ণনগর)-এর পথচলা শুরু হলো। শুভেন্দু মেমোরিয়াল ট্রাস্ট পরিচালিত এই নেতাজি আর্কাইভের উদ্বোধন করেন শারদ্বতী চৌধুরী (সদর মহকুমা শাসক, প্রশাসক কৃষ্ণনগর পৌরসভা)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রচূড় ঘোষ (লেখক, প্রখ্যাত নেতাজি-গবেষক, মিশন নেতাজির প্রতিষ্ঠাতা সদস্য)।
বিশেষ অতিথি অভিজিৎ রায়ের (নেতাজির মেজদাদা শরৎচন্দ্র বসুর দৌহিত্র) হাত দিয়ে আর্কাইভ ভবনের সম্মুখে নেতাজির আবক্ষমূর্তি উন্মোচিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিগন্ত মণ্ডল (বিশিষ্ট চিকিৎসক ও নেতাজি-অনুরাগী), ফ্রান্সিস গোমস (আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার), গীতা দত্ত (অছি, শুভেন্দু মেমোরিয়াল ট্রাস্ট), সম্পদনারায়ণ ধর (লেখক), জ্যোতিব্রত সান্যাল (সম্পাদক, ইয়োর ফ্রেন্ড ও নেতাজি-অনুরাগী), অর্চনা ঘোষ সরকার (প্রাক্তন চেয়ারম্যান, নদীয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদ) প্রমুখ।
অনুষ্ঠানের মুখবন্ধ উপস্থাপন করেন নেতাজি আর্কাইভের চেয়ারম্যান শংকরেশ্বর দত্ত। আর্কাইভের কিউরেটর ড. দীপাঞ্জন দে বলেন, “আজ একটি স্বপ্নপূরণ হলো। মাননীয় শংকরেশ্বর দত্তের দীর্ঘদিনের ভাবনা ছিল এই নেতাজি আর্কাইভ স্থাপন। নথি সংগ্রহের জন্য আমরা ২০২৪ সালের শুরুতে অনেকটা সময় দিল্লির ন্যাশনাল আর্কাইভে গিয়ে কাজ করে এসেছি। আমাদের এই আর্কাইভে কয়েকটি আইএনএ ফাইলস, দুর্লভ পুস্তিকা, দুষ্প্রাপ্য কিছু নথি রাখা সম্ভব হয়েছে। সুভাষচন্দ্র বসুকে নিয়ে আমাদের অনুসন্ধান, চর্চা, বিশেষ করে কৃষ্ণনগর তথা সমগ্র নদীয়া জেলায় সুভাষের অনুষঙ্গ আমাদের বিস্মিত করেছে।”

নেতাজি আর্কাইভের উদ্বোধক শারদ্বতী চৌধুরী এই উদ্যোগকে কুর্নিশ জানিয়ে এদিন কয়েকটি প্রস্তাবও রাখেন। প্রধান অতিথি চন্দ্রচূড় ঘোষও সহযোগিতার বার্তা দেন। উদ্বোধন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সত্যরঞ্জন মণ্ডল ও দীপঙ্কর দাস। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন আর্কাইভের কিউরেটর দীপাঞ্জন দে। সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে পরিচালনা করেন কবি রামকৃষ্ণ দে। উল্লেখ্য, এদিন শংকরেশ্বর দত্তের জীবনকে কেন্দ্র করে সম্প্রতি প্রকাশিত দীপাঞ্জন দে-র লেখা ‘শংকরেশ্বর দত্ত: দি ম্যান উইথ এ মিশন’ গ্রন্থটি চন্দ্রচূড় ঘোষ ও শারদ্বতী চৌধুরীর হাতে অনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।



