শুটিং ফ্লোরে শিশু শিল্পীকে মানসিক নির্যাতনের অভিযোগ, সোশাল পোস্টে ইঙ্গিতপূর্ণ প্রতিক্রিয়া তৃণার
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

টেলিভিশনের পরিচিত মুখ তৃণা সাহা ব্যক্তিগত জীবন নিয়ে যাঁকে ঘিরে চর্চা নতুন নয় এবার উঠে এল নতুন অভিযোগ। শুটিং ফ্লোরে এক শিশু শিল্পীর উপর মানসিক অত্যাচারের অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। ইন্ডাস্ট্রিতে আগেও তৃণাকে ঘিরে নানা গুঞ্জন শোনা গেলেও, সেগুলি নিয়ে বরাবরই নীরব থেকেছেন তিনি। এবারও সরাসরি মন্তব্য না করলেও, সোশাল মিডিয়ায় একটি পোস্টে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি শোনা যাচ্ছে, ধারাবাহিক পরসাহুরা-এর শিশু শিল্পী অভিনব পর্দার ‘লাট্টু’র পরিবারের তরফে শুটিং চলাকালীন মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। বিষয়টি ঘিরে বিতর্ক জোরদার হয়। দীর্ঘ সময় মুখে কুলুপ এঁটে থাকার পর, নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে তৃণা অভিযোগগুলির জবাব দিয়েছেন বলেই নেটপাড়ার একাংশের ধারণা।
তাঁর পোস্টে তৃণা লেখেন, ‘মানুষ আপনাকে যতই বদনাম করার চেষ্টা করুক না কেন, আপনি চুপ থাকুন। যারা আপনাকে ভুল বোঝে তাঁদের কিছু ব্যাখ্যা করার দরকার নেই। যে যা পারে বলুক আপনি আপনার মতো থাকুন। আপনার নীরবতাকে দুর্বলতা ভেবে কেউ ভেবে নিলে তা সত্যিই আপনার দুর্বলতা হয়ে যায় না।’
এই বক্তব্যের সূত্র ধরেই অনেকে মনে করছেন, শিশু শিল্পীকে মানসিক নির্যাতনের অভিযোগের প্রসঙ্গেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী।
এদিকে একই সঙ্গে ফের জোরালো হয়েছে নীল-তৃণার বিচ্ছেদের জল্পনা। যদিও এই গুঞ্জন নতুন নয় এবং অতীতেও একাধিকবার শোনা গিয়েছে। তবে এবার আলোচনার কারণ—নেটিজেনদের চোখ এড়ায়নি যে নীল ভট্টাচার্য ও তৃণা একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। জন্মদিন বা বিবাহবার্ষিকীতেও কোনও পোস্ট দেখা যায়নি। এই সব মিলিয়েই তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তৃণা যদিও এ বিষয়েও মুখ খোলেননি। অন্যদিকে ‘ত্রিনীল’ জুটির বিচ্ছেদের খবরে মন খারাপ অনুরাগীদের। আপাতত অভিনেত্রী নিজের কাজেই মন দিয়েছেন।



