রাজ্য

শুভেন্দুর জন্য মনোহরা! বিধানসভায় মিষ্টি হাতে হাজির হুমায়ুন কবীর, রাজনৈতিক সৌজন্য নাকি নতুন সমীকরণ?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

শুভেন্দুর জন্য মনোহরা! বিধানসভায় মিষ্টি হাতে হাজির হুমায়ুন কবীর, রাজনৈতিক সৌজন্য নাকি নতুন সমীকরণ? - West Bengal News 24

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জন্য মিষ্টির উপহার নিয়ে বিধানসভায় হাজির হলেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। শপথগ্রহণ অনুষ্ঠানের দিনই মুর্শিদাবাদের জনপ্রিয় ‘মনোহরা’ সহ একাধিক মিষ্টি নিয়ে আসেন তিনি। ভোটের আগে তৃণমূল ছেড়ে ‘আম জনতা উন্নয়ন পার্টি’ গঠন করা হুমায়ুন এবারের বিধানসভা নির্বাচনে নওদা ও রেজিনগর দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছেন। বুধবার বিধানসভায় নওদা কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ নেন তিনি।

নির্ধারিত সময়েই বিধানসভায় পৌঁছে যান হুমায়ুন কবীর। সঙ্গে ছিল মুর্শিদাবাদের বিখ্যাত মনোহরা ও অন্যান্য মিষ্টি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য বিশেষভাবে সেই উপহার নিয়ে আসেন তিনি। শুভেন্দুকে ‘ভালো লোক’ বলেও উল্লেখ করেন হুমায়ুন। তিনি বলেন, “মনোহরা হল মনের আরাম, মনের প্রাণ। তাই নিয়ে এলাম। রাজনৈতিক কচকচি অনেক হয়েছে। এবার একটু মিষ্টিমুখ করতে হবে।” পাশাপাশি তিনি জানান, শাসক ও বিরোধী—সব পক্ষের জন্যই মিষ্টি আনা হয়েছে। তবে দোকানে মনোহরা শেষ হয়ে যাওয়ায় তুলনামূলক কম আনতে পেরেছেন বলেও জানান।

আরও পড়ুন :: রেশনে আটা বন্ধ, জুন থেকে মিলবে শুধু গম! খাদ্যমন্ত্রীর বড় ঘোষণা

এদিন নওদা কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ নিলেও, সংবিধান অনুযায়ী একটি আসনই ধরে রাখতে পারবেন হুমায়ুন কবীর। ফলে রেজিনগর কেন্দ্রটি ছাড়তে হবে তাঁকে। সেই প্রসঙ্গে তিনি জানান, রেজিনগরে ফের উপনির্বাচন হবে এবং সেখানে তাঁর ছেলে গুলাম নবী আজাদ প্রার্থী হবেন। তিনি আরও জানান, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদের নাম অনুসারেই ছেলের নাম রাখা হয়েছে। পরিবারের মধ্যে তাঁর ডাকনাম রবিন। ২৫ বৈশাখে জন্ম হওয়ায় সেই নামেই তাঁকে ডাকা হয় বলেও জানা গিয়েছে।

বিধানসভায় এদিন গলায় দুটি আইডি কার্ড ঝুলিয়ে দেখা যায় হুমায়ুন কবীরকে। দ্রুত উপনির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের কাছেও আবেদন জানিয়েছেন তিনি। হুমায়ুন বলেন, “নতুন দল তৈরি করে দুটো আসনে জয়ে আনন্দ অনেক বেশি।” পাশাপাশি তিনি দাবি করেন, দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে দিয়েছে বাংলার মানুষ। সেই জন্য রাজ্যের সাধারণ মানুষকে ধন্যবাদও জানান তিনি।

আরও পড়ুন ::

Back to top button