
তিলজলায় ভোটের ফল ঘোষণার দিন অশান্তির ঘটনায় দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার আলিপুর আদালতে আত্মসমর্পণ করলেন তৃণমূল বিধায়ক জাভেদ খান। ওই ঘটনায় তাঁর নাম-সহ মোট ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। সূত্রের খবর, সেই মামলাতেই এদিন আদালতে হাজিরা দেন তিনি।
জানা গিয়েছে, ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তিলজলা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কসবা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ওই এলাকায় অশান্তির ঘটনায় জাভেদ খান-সহ ১০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ইতিমধ্যেই বাকি ৯ জন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। এদিন জাভেদও এসিজেএম আদালতে আত্মসমর্পণ করেন। পরে ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়।
আরও পড়ুন :: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে FIR! ২১-এর ভোট পরবর্তী হিংসায় উসকানির বিস্ফোরক অভিযোগ, তোলপাড় টলিপাড়া
অন্যদিকে, অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় বুধবার আদালতে আত্মসমর্পণ করেন কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায়। তাঁর পাশাপাশি পুত্র নির্বাণ রায়ের বিরুদ্ধেও অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান তাঁরা। দেড় হাজার টাকার বন্ডে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছে।
অভিযোগ, বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন সন্ধ্যায় বিজেপি কর্মীদের অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়েছিলেন মালা রায়। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে।



