রাজ্য

ক্যানসার রুখতে বড় চমক! বাংলায় সম্পূর্ণ বিনামূল্যে মিলবে সার্ভাইক্যাল ক্যানসারের টিকা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Free cervical cancer vaccine : ক্যানসার রুখতে বড় চমক! বাংলায় সম্পূর্ণ বিনামূল্যে মিলবে সার্ভাইক্যাল ক্যানসারের টিকা - West Bengal News 24

রাজ্যে জরায়ুমুখ ক্যানসারের বাড়তে থাকা ঝুঁকি মোকাবিলায় বড় পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। আগামী ৩০ মে থেকে বাংলাজুড়ে শুরু হতে চলেছে বিনামূল্যে টিকাকরণ কর্মসূচি। শনিবার স্বাস্থ্য বৈঠকের পর এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, কেন্দ্রীয় সরকারের তরফে বাংলার জন্য ৭ লক্ষ ডোজ টিকা পাঠানো হচ্ছে। প্রথম পর্যায়ে বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে এই কর্মসূচির সূচনা হবে। ১৪-১৫ বছরের ঊর্ধ্বে কিশোরীরা এই টিকাকরণে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন তিনি।

একইসঙ্গে সাধারণ মানুষের জন্য সস্তায় ওষুধ পৌঁছে দিতে জনৌষধি কেন্দ্রের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যে ১১৭টি জনৌষধি কেন্দ্র রয়েছে। তা বাড়িয়ে ৪৬৯টি করার পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, জটিল ও দীর্ঘমেয়াদি রোগের ওষুধে ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। পাশাপাশি ন্যাশনাল হেলথ মিশনের আওতায় কেন্দ্র ২ হাজার ১০৩ কোটি টাকা বরাদ্দ করেছে বলেও জানান তিনি। তার মধ্যে শনিবার ৫০০ কোটি টাকার অনুদান হাতে এসেছে।

আরও পড়ুন :: বাংলায় মোড় ঘুরছে স্বাস্থ্য পরিষেবার! জুলাই থেকেই পাবেন কেন্দ্রের আয়ুষ্মান ভারত কার্ড, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উল্লেখ্য, মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলির অন্যতম হল সার্ভাইক্যাল ক্যানসার। বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ৬ লক্ষ নতুন রোগী এই ক্যানসারে আক্রান্ত হন। মৃত্যু হয় প্রায় ৩ লক্ষ ৪০ হাজার মানুষের। মহিলাদের মধ্যে এটি চতুর্থ সর্বাধিক ক্যানসার হলেও ভারতে এর অবস্থান দ্বিতীয়। পরিসংখ্যান বলছে, দেশে প্রতি বছর প্রতি এক লক্ষ মহিলার মধ্যে প্রায় ১৪ জন নতুন করে এই রোগে আক্রান্ত হন এবং প্রতি লক্ষে প্রায় ৯ জনের মৃত্যু হয়।

চিকিৎসকদের মতে, এই ক্যানসারের প্রধান কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPV। মূলত যৌন সংসর্গের মাধ্যমে এই ভাইরাস শরীরে প্রবেশ করে। একাধিক যৌনসঙ্গী, অতিরিক্ত ওজন, ধূমপান এবং মদ্যপানের অভ্যাস এই রোগের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। সবচেয়ে বড় সমস্যা হল, অধিকাংশ ক্ষেত্রেই এই ক্যানসার দেরিতে ধরা পড়ে। ফলে চিকিৎসা করেও অনেকসময় সম্পূর্ণ নিরাময় সম্ভব হয় না।

বিশেষজ্ঞদের মতে, সময়মতো টিকা নেওয়া গেলে প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ ক্ষেত্রে সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধ করা সম্ভব। তবে এখনও অনেক মহিলা সামাজিক সংকোচের কারণে যৌনাঙ্গ সংক্রান্ত সমস্যা লুকিয়ে রাখেন। ফলে রোগ চিহ্নিত হতে দেরি হয়। চিকিৎসকদের পরামর্শ, অতিরিক্ত সাদাস্রাব, মাসিকের পরেও রক্তপাত, মেনোপজের পর রক্তক্ষরণ বা কোমরে দীর্ঘদিন ব্যথা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

আরও পড়ুন ::

Back to top button