রাজ্য

বৈদিক চিকিৎসায় জোর, স্বাস্থ্যদপ্তর থেকে পৃথক হচ্ছে আয়ুষ, জুনে একাধিক কর্মসূচির ঘোষণা শুভেন্দুর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বৈদিক চিকিৎসায় জোর, স্বাস্থ্যদপ্তর থেকে পৃথক হচ্ছে আয়ুষ, জুনে একাধিক কর্মসূচির ঘোষণা শুভেন্দুর - West Bengal News 24

রাজ্যে আয়ুষ পরিষেবাকে আরও বিস্তৃত ও কার্যকর করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আয়ুষ দপ্তরকে স্বাস্থ্যদপ্তর থেকে আলাদা করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একইসঙ্গে বৈদিক চিকিৎসা ব্যবস্থার উপরও জোর দেওয়ার কথা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই আয়ুষ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে, এবার সেই পরিষেবাকে বাংলার মানুষের স্বার্থে আরও বেশি করে কাজে লাগানো হবে। পাশাপাশি দপ্তরের দায়িত্বে একজন দক্ষ আধিকারিক নিয়োগের কথাও ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে রাজ্যের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। প্রায় দু’ঘণ্টার বেশি সময় ধরে চলা সেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এদিনের আলোচনায় মূলত সমন্বয় বৃদ্ধি, স্বাস্থ্য পরিষেবা এবং প্রাকবর্ষার প্রস্তুতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানেই আয়ুষ দপ্তর নিয়ে বড় সিদ্ধান্তের কথা সামনে আনেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, আয়ুষকে পৃথক দপ্তর করার জন্য মন্ত্রিসভার অনুমোদন নেওয়া হবে। পাশাপাশি গোটা রাজ্যে মানুষের স্বার্থে আয়ুষ পরিষেবাকে আরও কার্যকরভাবে ব্যবহার করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন :: শুভেন্দু জমানায় চিকিৎসা-বিপ্লব! শান্তিনিকেতনে এইমসের আদলে মেডিক্যাল কলেজ গড়ার উদ্যোগ বিশ্বভারতীর, আশায় বীরভূমবাসী

এদিন জুন মাসজুড়ে একাধিক সরকারি কর্মসূচির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করবে পশ্চিমবঙ্গ সরকার। তাঁর কথায়, আগামী ৫ জুন রাজ্যের সমস্ত পুরসভা এলাকায় মায়ের নামে একটি করে গাছ লাগানো হবে। এজন্য অরণ্য দপ্তরের তরফে গাছ দেওয়া হবে বিধায়কদের হাতে, যা পরে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হবে। উল্লেখ্য, এর আগে ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই উদ্যোগ বাংলাতেও পালিত হবে।

এছাড়াও কেন্দ্রের নির্দেশিকা মেনে আগামী ১৫, ১৬ এবং ১৭ জুন রাজ্যে জনকল্যাণ শিবির আয়োজনের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বিডিও, সিও এবং কমিশনাররা বিধায়ক ও সাংসদদের উপস্থিতিতে এই শিবির পরিচালনা করবেন। এই শিবিরের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসও রাজ্যে বড় আকারে পালন করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন ::

Back to top button