কলকাতায় এবার ছুটবে ‘ওয়াটার মেট্রো’! সাগরমালা ২ প্রকল্পে ২২,৭০০ কোটির ধামাকা ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রাজ্যে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই জলপথ পরিবহণ ব্যবস্থাকে আধুনিক করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। সেই ধারাবাহিকতায় কলকাতায় ওয়াটার মেট্রো পরিষেবা চালুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই এই পরিষেবা চালু হয়েছে এবং এবার ১৮তম শহর হিসেবে সেই তালিকায় নাম যুক্ত হতে চলেছে কলকাতার। পাশাপাশি তিনি জানান, সাগরমালা প্রকল্পের দ্বিতীয় পর্যায়েও এবার যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ।
দেশে প্রথম ওয়াটার মেট্রো পরিষেবা শুরু হয়েছিল কোচিতে। পরবর্তীতে একাধিক শহরে এই পরিষেবার সম্প্রসারণ করা হয়। প্রথম ধাপে গুয়াহাটি, শ্রীনগর, বারাণসী, অযোধ্যা, প্রয়াগরাজ এবং পাটনার মতো শহরে এই প্রকল্প চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও তেজপুর ও ডিব্রুগড়েও পরিষেবা চালু হওয়ার কথা রয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, খুব শীঘ্রই কলকাতাতেও ওয়াটার মেট্রো পরিষেবা শুরু হবে।
ওয়াটার মেট্রো মূলত নদী, খাল, হ্রদ এবং অন্যান্য জলপথকে কাজে লাগিয়ে পরিচালিত আধুনিক গণপরিবহণ ব্যবস্থা। এটি নির্দিষ্ট সময়সূচি মেনে চলাচল করে এবং শহুরে পরিবহণে নতুন মাত্রা যোগ করে। কলকাতা ও হাওড়ার মধ্যে প্রবাহিত হুগলি নদীকে কেন্দ্র করে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের যাতায়াত হয়। ফলে জলপথে দ্রুত, নিরাপদ ও আধুনিক পরিবহণ ব্যবস্থা চালু হলে বহু নিত্যযাত্রী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
এ ধরনের পরিষেবা যন্ত্রচালিত হওয়ায় কম সময়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছনো সম্ভব হবে। ফলে সড়কপথের উপর চাপও কিছুটা কমতে পারে। একইসঙ্গে এটি পরিবেশবান্ধব হওয়ায় দূষণ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তুলনামূলকভাবে সাশ্রয়ী ভাড়া এবং জলপথ ভ্রমণের বিশেষ অভিজ্ঞতা পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। ফলে নাগরিক সুবিধার পাশাপাশি পর্যটন শিল্পেও এর ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, এদিন সাগরমালা প্রকল্প নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, শিপিং, লজিস্টিকস এবং আমদানি-রপ্তানি সংক্রান্ত পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের অন্যতম বৃহৎ কর্মসূচি হল সাগরমালা প্রকল্প। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পূর্বতন সরকারের ‘অনিচ্ছা এবং অপদার্থতার’ কারণে রাজ্য এই প্রকল্পের প্রথম পর্যায়ে অংশ নিতে পারেনি। ফলে সাগরমালা ১-এর সুযোগ হাতছাড়া হয়েছিল।
তবে এবার কেন্দ্রের উদ্যোগে পশ্চিমবঙ্গ সাগরমালা ২ প্রকল্পের আওতায় এসেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এর ফলে রাজ্যে প্রায় ২২ হাজার ৭০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হবে, যা বন্দর, পরিবহণ ও বাণিজ্যিক পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।



