জাতীয়

ইরান যুদ্ধের আবহে ভারতের তুরুপের তাস ভেনেজুয়েলা! মোদি-রড্রিগেজ বৈঠকে কি মিটবে জ্বালানি সংকট?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ইরান যুদ্ধের আবহে ভারতের তুরুপের তাস ভেনেজুয়েলা! মোদি-রড্রিগেজ বৈঠকে কি মিটবে জ্বালানি সংকট? - West Bengal News 24

ইরান যুদ্ধের প্রভাবের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়তে থাকায় বিকল্প উৎসের সন্ধানে রয়েছে ভারত। সেই প্রেক্ষাপটে ভেনেজুয়েলাকে সম্ভাবনাময় অংশীদার হিসেবে দেখা হচ্ছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ আমেরিকার দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজের ভারত সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেন তিনি। কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পেয়েছে। জ্বালানি ক্ষেত্রের পাশাপাশি নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, ফার্মাসিউটিক্যাল, পরিবহন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি নিয়েও আলোচনা হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, হরমুজ প্রণালী ঘিরে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কি ভেনেজুয়েলা হতে পারে ভারতের অন্যতম ভরসা?

আরও পড়ুন :: কলকাতা পুরসভা বাঁচাতে ‘মাস্টারস্ট্রোক’ মালা রায়ের! ১৯ জুনের হাই ভোল্টেজ অধিবেশন ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি

ইরান যুদ্ধের আবহে হরমুজ প্রণালীতে বাধা সৃষ্টি হওয়ায় মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানিতে সমস্যার মুখে পড়তে হয় বহু দেশকে। একইসঙ্গে রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রেও মার্কিন নিষেধাজ্ঞাজনিত জটিলতা দেখা দেয়। এই পরিস্থিতিতে বিকল্প উৎস হিসেবে ভেনেজুয়েলা থেকে তেল আমদানির পরিমাণ বাড়িয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের আধিকারিক রুদ্রেন্দ্র ট্যান্ডনের বক্তব্য অনুযায়ী, সাম্প্রতিক কয়েক সপ্তাহে ভারতের তেল আমদানিকারক দেশগুলির তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ভেনেজুয়েলা। ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশটিকে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে বিবেচনা করছে নয়াদিল্লি।

সূত্রের খবর, মোদি ও ডেলসি রড্রিগেজের বৈঠকে খনিজ সম্পদ, ফার্মাসিউটিক্যাল শিল্প, পরিবহন এবং অন্যান্য অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনাও খতিয়ে দেখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পাশাপাশি বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গেও আলোচনা করেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। এছাড়া পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, জ্বালানি রপ্তানির ক্ষেত্রে বিশ্বের অন্যতম বৃহৎ দেশ ভেনেজুয়েলা। সেই কারণেই ভারত-ভেনেজুয়েলা সম্পর্কের এই নতুন অধ্যায়কে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। চলতি বছরের গোড়ায় ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করে আমেরিকায় নিয়ে যায় মার্কিন প্রশাসন। এরপর ৫ জানুয়ারি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডেলসি রড্রিগেজ।

আরও পড়ুন ::

Back to top button