বারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণে বাধা জলের পাইপলাইন! সমীক্ষার দায়িত্ব পেল আইআইটি খড়গপুর
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

জমি সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরে থমকে রয়েছে নোয়াপাড়া-বারাকপুর মেট্রো সম্প্রসারণ প্রকল্প। প্রস্তাবিত এই রুটের নীচ দিয়ে কলকাতা পুরনিগমের একাধিক পানীয় জলের পাইপলাইন গিয়েছে। ফলে পাইপলাইনগুলির কোনও ক্ষতি না করে কীভাবে মেট্রোর নির্মাণকাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, তা নির্ধারণ করতে আইআইটি খড়গপুরকে দিয়ে সমীক্ষা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পলতা থেকে টালা পর্যন্ত বিটি রোডের নীচে কলকাতা পুরনিগমের জল সরবরাহ বিভাগের মোট ছ’টি পানীয় জলের পাইপলাইন রয়েছে। সেগুলির ব্যাস যথাক্রমে ৪২ ইঞ্চি, ৬৪ ইঞ্চি, ৪৮ ইঞ্চি, ৭২ ইঞ্চি, ৬২ ইঞ্চি এবং ৬০ ইঞ্চি। পাইপলাইনগুলি মাটির নীচে যথাক্রমে ২.৭২৫ মিটার, ১.৯৬ ফুট, ১.৬৫ মিটার, ২.৫৪৩ মিটার, ১.৯৬ মিটার এবং ২.১৩৬ মিটার গভীরতায় অবস্থান করছে।
আরও পড়ুন :: নিউটাউনে আদানির হাসপাতালে গরিবদের জন্য বিশেষ ব্যবস্থা, ভূমিপুজোর সময় জানালেন মুখ্যমন্ত্রী
এই এলাকায় পানীয় জলের পাইপের পাশাপাশি একাধিক নিকাশি পাইপ এবং বিদ্যুতের তার বহনকারী পাইপও রয়েছে। সংশ্লিষ্ট পরিকাঠামোর কোনও ক্ষতি না করে বারাকপুর পর্যন্ত মেট্রো প্রকল্পের নির্মাণকাজ কীভাবে করা যাবে, তা সমীক্ষা করে দেখবে আইআইটি খড়গপুর। প্রতিষ্ঠানটির অনুমোদন পাওয়ার পরেই সম্প্রসারণ প্রকল্পের কাজ শুরু হবে।
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নান জানান, “বিটি রোডে যে জলের পাইপ আছে, সেই পাইপকে রেখেই কোন পদ্ধতিতে মেট্রোর কাজ হবে সে বিষয়ে আইআইটি খড়গপুরের সমীক্ষা করছে। তারা সবুজ সংকেত দিলেই মেট্রো প্রকল্পের কাজ শুরুর দিকে এগোবে আরভিএনএল। আমরা চাই এক মুহূর্তও যাতে জল বন্ধ না করে কাজ করা যায়।”
প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ এই প্রস্তাবিত মেট্রো রুটে মোট ১০টি স্টেশন থাকার কথা। বরানগর মেট্রো স্টেশন থেকে শুরু হয়ে ডানলপ মোড়ে রুটটির ইন্টারচেঞ্জ হবে। এরপর কামারহাটি, আগরপাড়া, সোদপুর, পানিহাটি, সুভাষনগর, খড়দহ, টাটা গেট, টিটাগড় ও তালপুকুর হয়ে বারাকপুরে গিয়ে মেট্রোপথটি শেষ হবে।



