বাড়ি বাড়ি পৌঁছচ্ছে আয়ুষ্মান ভারতের ফর্ম! কী তথ্য দিতে হবে, কারা পাবেন, বঞ্চিত হলে কী করবেন?
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রাজ্যে চালু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত। এই প্রকল্পের আওতায় চিকিৎসার জন্য সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ বহন করবে সরকার। স্বাস্থ্যসাথীর পরিবর্তে এবার এই কেন্দ্রীয় প্রকল্প কার্যকর করছে রাজ্য সরকার। প্রায় সাড়ে ছয় কোটি রাজ্যবাসীর হাতে আয়ুষ্মান ভারতের কার্ড তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই যোগ্য ব্যক্তিদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে আবেদনপত্র। কিন্তু ফর্মে কী কী তথ্য থাকছে? কোন মাপকাঠিতে তা দেওয়া হচ্ছে? কারা আবেদন করতে পারবেন এবং ফর্ম না পেলে কী করণীয়?
আয়ুষ্মান ভারত প্রকল্পের যোগ্য পরিবারগুলির সদস্যদের নামে বাড়িতে ফর্ম পাঠানো হচ্ছে। আবেদনপত্রে বেশ কিছু তথ্য আগে থেকেই পূরণ করা থাকছে। অনেকটা এসআইআরের এনুমারেশন ফর্মের মতোই এই ব্যবস্থা। ফর্মের কিছু অংশ ফাঁকা থাকবে, সেখানে প্রয়োজনীয় তথ্য লিখে তা জমা দিতে হবে। আশাকর্মীদের মাধ্যমে এই কাজ সম্পন্ন করা হচ্ছে। সমস্যার সমাধানে সংশ্লিষ্ট এলাকার বিধায়কের সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে।
আরও পড়ুন :: আইপ্যাকের উপর অতিরিক্ত নির্ভরতাই সর্বনাশ! ঋতব্রতপন্থী তৃণমূলে জেলা সভাপতির দায়িত্ব পেয়ে বিস্ফোরক অনুব্রত
ফর্মে আবেদনকারীর নাম, আধার নম্বর, রেশন কার্ড নম্বর, মোবাইল নম্বর এবং জন্মতারিখের মতো তথ্য আগে থেকেই উল্লেখ থাকছে। ঠিকানা দেওয়া না থাকলে আবেদনকারীকে তা পূরণ করতে হবে। পাশাপাশি পরিবারের মোট সদস্যসংখ্যা, প্যান নম্বর, ভোটার কার্ডের তথ্য, বার্ষিক আয় এবং আয়কর দিতে হয় কি না এসব তথ্যও জানাতে হবে।
আবেদনপত্রে তিন ধরনের রেশন কার্ডের বিকল্প রাখা হয়েছে অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY), বিশেষ অগ্রাধিকার পরিবার (SPHH) এবং অগ্রাধিকার পরিবার (PHH)। জানা যাচ্ছে, মূলত এই তিন শ্রেণির রেশন কার্ডধারীদের কাছেই ফর্ম পৌঁছচ্ছে। তবে রাজ্যের ৭০ বছর বা তার বেশি বয়সি প্রত্যেক নাগরিক আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তাঁদের যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে আর্থিক পরিস্থিতি বিবেচনা করা হবে না বলেই জানা গিয়েছে।
যাঁদের বাড়িতে ফর্ম পৌঁছবে না, তাঁদের প্রথমে সংশ্লিষ্ট পুরসভা বা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রকল্পের নির্ধারিত শর্ত পূরণ না হলে আয়ুষ্মান ভারতের জন্য আবেদন করা যাবে না। তবে তাঁদের জন্য বিকল্প ব্যবস্থার কথা জানিয়েছে রাজ্য সরকার।
শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যাঁরা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন না, তাঁরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার অধীনে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা পাবেন। যদিও এই প্রকল্পে আবেদন করার পদ্ধতি কী হবে, কোনও নির্দিষ্ট শর্ত থাকবে কি না এবং কবে থেকে আবেদন গ্রহণ শুরু হবে সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। সরকারি সূত্রের খবর, খুব শীঘ্রই সমস্ত তথ্য প্রকাশ করা হবে।



