রাজনীতিরাজ্য

চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন অভিষেক, সুপ্রিম কোর্টের অনুমতি, মানতে হবে একাধিক শর্ত

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন অভিষেক, সুপ্রিম কোর্টের অনুমতি, মানতে হবে একাধিক শর্ত - West Bengal News 24

চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে বড়সড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চিকিৎসার প্রয়োজনে তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে এই অনুমতির সঙ্গে একাধিক শর্তও জুড়ে দিয়েছে শীর্ষ আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, সর্বোচ্চ তিন সপ্তাহ দেশের বাইরে থাকতে পারবেন অভিষেক। প্রয়োজন হলে দেশের অন্য কোনও জায়গাতেও চিকিৎসা করানোর সুযোগ থাকবে তাঁর।

তবে বিদেশ যাওয়ার আগে কলকাতা হাই কোর্টের পূর্ববর্তী নির্দেশ মেনে এসএসকেএম হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে তৃণমূল সাংসদকে। সেখান থেকে বিদেশে গিয়ে চিকিৎসা করানো প্রয়োজন এমন সার্টিফিকেট পাওয়ার পরই বিদেশযাত্রা করতে পারবেন তিনি। ফলে সুপ্রিম কোর্টের এই নির্দেশ অভিষেকের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বড় স্বস্তি বলেই মনে করা হচ্ছে।

২০১৬ সালে দুর্ঘটনার কবলে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে গুরুতর চোট লাগে। এরপর সিঙ্গাপুরে তাঁর চিকিৎসা করা হয়েছিল। চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে তাঁর। প্রতি বছরই চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে হয় তাঁকে।

আরও পড়ুন :: গ্রেপ্তারির আশঙ্কা! হাজিরার হ্যাট্রিকের দিনই রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে অভিষেকের পিএ সুমিত

চলতি বছরও জুলাইয়ের শেষদিকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়েছিলেন অভিষেক। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলায় আদালতের অনুমতি ছাড়া বিদেশযাত্রার ক্ষেত্রে বাধা রয়েছে। সেই কারণেই আদালতের দ্বারস্থ হতে হয় তাঁকে।

এর আগে কলকাতা হাই কোর্টে বিদেশ যাওয়ার অনুমতি চেয়েছিলেন অভিষেক। কিন্তু সেই আবেদন মঞ্জুর হয়নি। বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন, বিদেশে না গিয়ে কলকাতাতেই কি তাঁর চিকিৎসা সম্ভব নয়? প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড তৈরি করে এসএসকেএম হাসপাতালেই চিকিৎসার ব্যবস্থা করার কথাও বলা হয়েছিল।

হাই কোর্টের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন অভিষেক। প্রথম দফায় মামলাটি হাই কোর্টেই ফেরত পাঠানো হয়েছিল এবং সেখানেও তাঁর আবেদন খারিজ হয়ে যায়। এরপর গত সপ্তাহে ফের দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের সাংসদ।

সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, কারও বিরুদ্ধে মামলা চলমান থাকলেই তাঁকে বিদেশযাত্রা থেকে আটকানো যায় না। চিকিৎসার প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বিদেশ যেতে পারবেন বলেই জানায় আদালত।

তবে বিদেশ যাওয়ার আগে তাঁকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা রাখতে হবে। সর্বোচ্চ তিন সপ্তাহ দেশের বাইরে থাকার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি, এসএসকেএম হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা করানোর পর বিদেশে গিয়ে চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন সার্টিফিকেট সংগ্রহ করাও বাধ্যতামূলক করা হয়েছে।

অর্থাৎ, চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অনুমতি পেলেও অভিষেককে আদালতের নির্ধারিত শর্তগুলি মেনেই এই যাত্রা করতে হবে।

আরও পড়ুন ::

Back to top button