রাজনীতিরাজ্য

বাংলাদেশ থেকে একের পর এক খুনের হুমকি! ভবানীভবনে ঋতব্রত

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বাংলাদেশ থেকে একের পর এক খুনের হুমকি! ভবানীভবনে ঋতব্রত - West Bengal News 24

বাংলাদেশের নম্বর থেকে হোয়াটসঅ্যাপে লাগাতার খুনের হুমকি পাওয়ার অভিযোগ। এই পরিস্থিতিতে মঙ্গলবার ভবানীভবনের দ্বারস্থ হলেন ‘আসল তৃণমূলে’র বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁকে কারা এবং কেন হুমকি দিচ্ছে, তার উৎস খুঁজে বের করতে তৎপর হয়েছেন বিধায়ক।

সম্প্রতি বাংলা থেকে জইশ-ই-মহম্মদের সদস্য হামিম মণ্ডল এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে উঠে আসে, তাঁদের নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বিভিন্ন অনুষ্ঠান, যাতায়াতের রাস্তা এবং কলকাতার বাড়ি পর্যন্ত রেইকি করেছিল জঙ্গিরা। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করাই ছিল তাদের উদ্দেশ্য বলে জানা যায়। এই বিষয়ে নির্দেশ পাকিস্তান থেকে আসছিল বলেও তদন্তে উঠে আসে।

আরও পড়ুন :: ল্যান্ড জেহাদ রুখতে কড়া আইন আনছেন শুভেন্দু? অনুমতি ছাড়া ভিনধর্মে জমি বিক্রি বন্ধের ইঙ্গিত

এই ঘটনার মধ্যেই এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিকে হুমকির অভিযোগ উঠল। জানা গিয়েছে, গত ৩ মে থেকে ৯ অগাস্টের মধ্যে একাধিকবার তাঁর কাছে হুমকি ফোন এসেছে। প্রতিবারই সেই কলগুলি বাংলাদেশের নম্বর থেকে করা হয়েছিল বলে দাবি।

অভিযোগ অনুযায়ী, হোয়াটসঅ্যাপ কলে ঋতব্রতকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এমনকি বাংলাদেশের মুক্তমনা ব্লগার অভিজিৎ রায়ের মতো পরিণতি হবে বলেও হুমকি দেওয়া হয়। প্রথম দিকে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি ঋতব্রত। কিন্তু বারবার একই ধরনের হুমকি আসতে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার বিষয়টি জানাতে ভবানীভবনে যান তিনি।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে অমর একুশে বইমেলা থেকে ফেরার সময় মুক্তমনা ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়েছিল। ঘটনায় তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও গুরুতর জখম হন। পরবর্তী তদন্তে এই হত্যাকাণ্ডের সঙ্গে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যদের যোগ প্রমাণিত হয়।

সম্প্রতি কলকাতায় তসলিমা নাসরিনের বক্তব্যেও উঠে এসেছিল অভিজিৎ রায়ের প্রসঙ্গ। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে একই ধরনের পরিণতির হুমকি দেওয়ার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে এই হুমকির পিছনেও কি আনসার আল ইসলামের কোনও যোগ রয়েছে?

আরও পড়ুন ::

Back to top button