প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বাড়ল, কারণ জানালেন শুভেন্দু, অসমকে ১০ কোটি টাকা দেবে রাজ্য
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা মাসিক ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বুধবার বিধানসভায় কলকাতা ও হাওড়ার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পাশ হওয়ার পর এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নিয়মে প্রয়োজনীয় সংশোধন করে আগামী অগস্ট থেকেই প্রাক্তন বিধায়কদের বর্ধিত চিকিৎসা ভাতা কার্যকর করা হবে। শুভেন্দু বলেন, ‘বিভিন্ন দলের প্রাক্তন বিধায়কদের দেখেছি। সততা, নিষ্ঠা নিয়ে তাঁরা ছিলেন। মেদিনীপুরে এমন প্রাক্তন বিধায়ক, মন্ত্রী রয়েছেন, যাঁরা সাইকেল চড়ে যাওয়া আসা করেন। প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর স্টেশনে বসে থাকেন। বাজার করেন।’
আরও পড়ুন :: ‘হুজুগ’ বলে কটাক্ষ করেছিল তৃণমূল, অভয়া-কাণ্ডের দু’বছর পর ফের ১৪ আগস্ট ‘রাত দখলে’র আহ্বান অগ্নিমিত্রার
এর পাশাপাশি বর্তমান বিধায়কদের নিজেদের বিধানসভা এলাকায় কার্যালয় খোলার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে সেই কেন্দ্রের নাম রাখতে হবে ‘নেতাজি সুভাষ সেবাকেন্দ্র’। দলীয় কার্যালয়ের পরিবর্তে সাধারণ মানুষের জন্য বিধায়কেরা যাতে ওই কেন্দ্র থেকে বিভিন্ন পরিষেবা দিতে পারেন, সেই উদ্দেশ্যেই এই আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ‘যাঁরা কাজ করবেন না, টাকা পাবেন না।’
এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের জন্যও ১০ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গত কয়েক দিনে প্রাকৃতিক দুর্যোগের জেরে প্রতিবেশী রাজ্যটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। এই পরিস্থিতিতে অসমের পাশে দাঁড়াতেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই আর্থিক সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



