
দুই বাংলার শোবিজে মিথিলা-সৃজিতের বিয়ের খবর এখন আলোচনার তুঙ্গে। ভারতীয় একটি গণমাধ্যম আগামী ফেব্রুয়ারিতে এই তারকা জুটির বিয়ের খবর প্রকাশ করে। কিন্তু মিথিলার কাজিন সঙ্গীতশিল্পী অর্ণবের বরাত দিয়ে দেশীয় একটি গণমাধ্যম বলছে, আগামী ডিসেম্বরের ১৮ তারিখ সৃজিত-মিথিলা বিয়ে করতে চলেছেন।
তবে এখন অর্ণব বলছেন, তাদের বিয়ে সম্পর্কে কিছুই জানেন না তিনি। অর্ণব সোমবার (১৯ নভেম্বর) রাত পৌনে ৯টায় বলেন, ‘আমি তাদের বিয়ে সম্পর্কে কিছুই জানি না। তাদের বিয়ের বিষয়ে আগ্রহীও নই। এটা তাদের পারসোনাল বিষয়, তারাই ভালো জানে কবে বিয়ে করবে।’ তাহলে গণমাধ্যমকে কেন সৃজিত-মিথিলার বিয়ে ডিসেম্বরের ১৮ তারিখ হচ্ছে বলেছেন? এই প্রশ্নের উত্তরে অর্ণব বলেন, ‘আমি কোনো পত্রিকাকে কোনো বক্তব্য দেই নি। কেউ যদি প্রকাশ করে কোনো খবর তাহলে সেটা তাদের বিষয়। আমি কাউকে কিছু বলিনি।’ সোমবার দুপুরে একটি প্রতিবেদনে বলা হয়, আগামী বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৃজিত-মিথিলা। বিয়ের সম্ভাব্য তারিখ ২২ ফেব্রুয়ারি।



