
স্বদেশি বাবর আজমকে নয়, অস্ট্রেলিয়ান সেনসেশন স্টিভেন স্মিথকেও নয়, পাকিস্তানের কিংবদন্তি জহির আব্বাস পছন্দের ব্যাটসম্যান হিসেবে বেছে নিলেন বিরাট কোহলিকে। ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়েই ভারতের অধিনায়ককে শ্রেষ্ঠত্বের মালা পড়ালেন আব্বাস। তার কাছে কোহলি বিশ্বসেরা ব্যাটসম্যান।
কেন কোহলি তার প্রিয় ব্যাটসম্যান, এর স্বপক্ষে যুক্তিও দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার। বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্য গার্ডিয়ানকে আব্বাস বলেছেন, ‘হ্যাঁ আমি মানছি, টেস্টে কোহলির চেয়ে স্টিভ স্মিথ ধারাবাহিক। ডেভিড ওয়ার্নারও ভালো করছে। কিন্তু সব সংস্করণ মিলিয়ে বলতে গেলে কোহলি সবার চেয়ে বেশি ধারাবাহিক।’
কোহলির সবচেয়ে বেশি ধারাবাহিকতা ওয়ানডে সংস্করণে। একদিনের ক্রিকেটে তিনিই সবচেয়ে দ্রুত সময়ে দশ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় অধিনায়ক হাফসেঞ্চুরি করেছেন ২৪টি। সংখ্যার হিসেবে যা বাবর-স্মিথের চেয়ে বেশি। কোহলির পারফরম্যান্সে দারুণ খুশি আব্বাস।
তিনি বলেছেন, ‘আপনি দেখুন, গত কয়েক বছরে কোহলি কতকিছু অর্জন করেছে। কোহলি যন্ত্র নয়। আপনি দেখুন, মাঝে মাঝে যন্ত্রেই ত্রুটি দেখা যায়। এই মুহূর্তে কোহলির চেয়ে ধারাবাহিকতা আর কারো মধ্যে দেখছি না। ওর ব্যাটিং দেখতেই আমার ভালো লাগে। আমার পছন্দের ব্যাটসম্যানদের মধ্যে ও শীর্ষে থাকবে।’
উত্তরসূরি বাবরকে কোহলির চেয়ে পিছিয়ে রাখছেন আব্বাস। পাকিস্তানি ওপেনার ২৫ বছর বয়সে ১২৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ব্যাটিং গড় রেখেছেন ৪৫। পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে বাবরকেই এগিয়ে রাখলেন আব্বাস, ‘পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে বাবর সবচেয়ে ধারাবাহিক। তিন সংস্করণেই ও পারফর্ম করছে। আশা করছি, ও রানের মধ্যে থাকবে এবং গড় আরো বাড়াবে।’
সুত্র : 24livenewspaper



