ঝাড়গ্রাম

রাতে ঝাড়গ্রাম শহরে হাজির পরিচয়হীন এক প্রৌঢ়া, এলাকায় চাঞ্চল্য

রাতে ঝাড়গ্রাম শহরে হাজির পরিচয়হীন এক প্রৌঢ়া, এলাকায় চাঞ্চল্য - West Bengal News 24

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: পরিচয়হীন এক প্রৌঢ়া অসহায় অবস্থায় ঝাড়গ্রাম শহরের মধুবন মোড়ে দাঁড়িয়েছিলেন মঙ্গলবার রাতে। অজ্ঞাত পরিচয় ওই মহিলাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়।

ওই প্রৌঢ়ার দাবি, তিনি এদিন সরকারি বাসে ঝাড়গ্রামে এসেছেন। তিনি মেদিনীপুরে হাসপাতালের কাছে জনৈক কাজলের হোটেলে পরিচারিকার কাজ করতেন বলে দাবি করছেন। কিন্তু তিনি কীভাবে ঝাড়গ্রামে এলেন সেটা স্পষ্ট করে বলতে পারছেন না। শুধু বলছেন, সরকারি বাস আমাকে এখানে নামিয়ে দিয়ে গেল। পথ চলতি পুলিশের গাড়ি থামিয়ে স্থানীয় বাসিন্দারা ওই মহিলার বিষয়টি জানান।

কিন্তু টহলদার পুলিশের গাড়ি সব শুনে চলে যায়। ওই মহিলা কোথায় যাবেন সেটাই স্পষ্ট করে বলতে পারছেন না। ছবি ও ভিডিও দেখে কেউ যদি চিনতে পারেন, সেজন্য সংবাদমাধ্যমের দ্বারস্থ হন বাসিন্দারা। মহিলার হাতে আকাশি রঙের থলি রয়েছে। শহরের এক ইংরেজি মাধ্যম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুদীপ্ত নায়েক ওই পথে যাওয়ার সময় বিষয়টি জানতে পেরে ওই মহিলাকে জলের বোতল ও বিস্কুট কিনে দেন। স্থানীয় বাসিন্দারা থানায় ফোন করে মহিলার কথা জানান। কিন্তু ওই মহিলাকে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য বাসিন্দাদেরই উল্টে পরামর্শ দেন থানার এক পুলিশ অফিসার। শেষ পর্যন্ত ওই মহিলাকে পুলিশ এসে নিয়ে যায়। কীভাবে, কোথা থেকে ওই মহিলা ঝাড়গ্রাম শহরে চলে এলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button