করোনা লড়াইয়ে জয়ি হয়ে কাজে যোগ দিলেন বউবাজার থানার ওসি , শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর !

ওয়েবডেস্ক : নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বউবাজার থানার ওসি সিদ্ধার্থ চক্রবর্তী। সংক্রমণ ধরা পড়ার ১৬ দিনের মধ্যে শুধু সুস্থই হলেন না এই ইনসপেক্টর। যোগ দিলেন কাজেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন এই পুলিশ আধিকারিককে। ডিসি সেন্ট্রালের টুইটার হ্যান্ডল থেকে টুইট করা একটি ভিডিও রিটুইট করেন মুখ্যমন্ত্রী। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বউবাজার থানায় আসার পর ওসি-কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন সহকর্মীরা।
কলকাতা পুলিশে প্রথম করোনা সংক্রমণের খবর মিলেছিল এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে। গার্ডেনরিচ থানার ওসি কোভিডে আক্রান্ত হয়ে পড়েন। তারপর উত্তর কলকাতার আরও দুই থানার পুলিশকর্মীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। বাইপাস লাগোয়া একটি থানার ওসির শরীরেও কোভিড সংক্রমণ মেলে।
জানা যায়, তাঁর থানা এলাকাতেই করোনা পজিটিভ রয়েছে এমন অনেক মৃতের সত্কার করা হচ্ছে। তাঁরা প্রত্যেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবার বাড়ি ফিরে কাজে যোগ দিলেন বউবাজার থানার ওসিও। গত ২ মে কোভিড ধরা পড়ে এই পুলিশ আধিকারিকের। তার কয়েকদিন আগে থেকেই তাঁর শরীরে জ্বর-সর্দির মতো উপসর্গ দেখা গিয়েছিল।
I would like to welcome back the OC of Bowbazar, Inspector Sidhartha Chakraborthy as he rejoins service after recovering from COVID-19.
No words are enough to express my gratitude towards the service of WB’s police personnel in our fight against #COVID19 #BanglaKorbeJoyNischoi https://t.co/m4Cwpc89lg— Mamata Banerjee (@MamataOfficial) May 18, 2020
বউবাজার থানার ওসি সিদ্ধার্থবাবুর স্ত্রীর শরীরেও করোনা পজিটিভ ধরা পড়ে। তিনিও বাড়ি ফিরেছেন বলে জানা গিয়েছে। কোভিড ধরা পড়ার পর এই পুলিশ অফিসার চেয়েছিলেন হোম আইসোলেশনে থাকতে। কিন্তু ঝুঁকি নেননি লালবাজারের শীর্ষ আধিকারিকরা। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সস্ত্রীক সিদ্ধার্থ চক্রবর্তীকে।
সেখানেই দু’জনের চিকিত্সা চলে। এমনিতে করোনা যুদ্ধে যাঁরা সামনে থেকে লড়াই করছেন তাঁদের মধ্যে পুলিশকর্মীরা অন্যতম। মহামারী মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন পুলিশকর্মীরা। এবার করোনাকে পরাজিত করে কাজে যোগ দিয়ে নজির গড়লেন বউবাজার থানার ওসি।
সুত্র: THE WALL



