
স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: একেই বলে নিয়তি! জঙ্গল লাগোয়া চারণভূমিতে চরে বেড়াচ্ছিল ২১টি ছাগল। আচমকা শুরু হল ঝিরঝিরে বৃষ্টি। কড়কড় শব্দে বাজ পড়তেই চক্ষু চড়কগাছ ছাগল-পালক সর্বেশ্বর মাহাতো আর অনিল মাহাতোর। মুহূর্তেই ছটফট করতে-করতে মারা গেল সব ক’টি ছাগল।
সোমবার বেলা আড়াইটায় এমনই ঘটনা ঘটল ঝাড়গ্রাম শহর থেকে ১৫ কিলোমিটার দূরে লাউড়িয়াদাম গ্রামে। এমন ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত ছাগলগুলিকে দেখতে ভিড় করেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রের খবর, প্রতিদিনের মতো এদিনও গ্রামের অদূরে জঙ্গল লাগোয়া চারণভূমিতে ছাগল চরাতে গিয়েছিলেন সর্বেশ্বর ও অনিল। বৃষ্টি শুরু হওয়ায় কিছুটা দূরে গাছ তলায় দাঁড়িয়ে গল্প করছিলেন দু’জনে।
ছাগলগুলি মনের সুখে চারণভূমিতে ঘাস-পাতা খাচ্ছিল। আচমকা বাজ পড়তেই নিমেষে ২১টি ছাগলের মৃত্যু হল। খবর পেয়ে ছুটে আসেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছাগলগুলির বেশির ভাগই ছিল খাসি। বিক্রির উদ্দেশ্যে সেগুলিকে পালন করছিলেন সর্বেশ্বর ও অনিল। স্থানীয় শালবনি গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, সর্বেশ্বরের ১৪টি ছাগল ও অনিলের ৭টি ছাগল মারা গিয়েছে। ছাগলগুলি সরকারি প্রকল্পের নয়। সেজন্য সরকারি সাহায্য দেওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে। তবে দরিদ্র ওই দুই গ্রামবাসী যেহেতু আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই কারণে বিষয়টি প্রাণিসম্পদ বিকাশ দপ্তরকে জানানো হয়েছে।



