
ওয়েবডেস্ক : ভাইজান ইজ অলওয়েজ ভাইজান। সলমন খানের ভক্তরা এই কথাটাই সবসময় বলে থাকে। সলমনও অবশ্য ব্যতিক্রম নন, প্রায়ই কিছু না কিছু ঘটাচ্ছেন। এবারেও তাই। দু’দিন আগেই মহারাষ্ট্রের বুকে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় নিসর্গ।
সলমন খানের পানভেল ফার্মহাউসের পথ ঢেকে গেছে ঝড়ের দাপটে ঝরা পাতায়, উপড়ে গেছে কিছু গাছ। সেই পানভেলের ফার্মহাউসেই এদিন নিজের হাতে ঝাঁট দিতে দেখা গেল সলমন খানকে।
গতকাল, ৫ ই জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। সলমনের ইনস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে সেই উপলক্ষ্যেই ঝাঁট দেওয়ার দায়িত্বপালন। সলমন নিজ হাতে পানভেল ফার্মহাউসের রাস্তা পরিস্কার করছেন বড় ঝাঁটা হাতে।
সলমন এই ভিডিওটি পোস্ট করে পরিবেশ নিজেদের দায়িত্বে পরিচ্ছন্ন রাখার বার্তা দিয়েছেন। লিখেছেন, ‘স্বচ্ছ ভারত…বিশ্ব পরিবেশ দিবস।’ ভিডিওটির সঙ্গে আবার ছন্দ মিলিয়ে দিয়েছেন মার্ক মাদার্সবাগের মন ভাল করা মিউজিকও।
পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিজের বাড়ি থেকেই তা শুরু করা উচিত। নিজের হাতে সাফ করা উচিত চারপাশ। সেটা দেখে তাহলে অন্যরাও করবে। এমনটাই ভেবেছেন সলমন।
তাঁর স্টাইল ও ডায়ালগ নকল করতে ইতিমধ্যেই ভাইজান-ফ্যানরা ওস্তাদ, তাই ভাইজানের এই পরিবেশ সচেতন কাজটিও তাঁর ফ্যানদের উদ্বুদ্ধ করবে বলেই মনে করা যায়। এইদিন ঝাঁট দেওয়ার সময় সলমনের পরনে ছিল ক্যাজুয়াল ডেনিম শর্টস এবং হালকা নীল টি-শার্ট।
পায়ে স্যান্ডেল। খুব সহজ পোশাকেই মাটির কাছাকাছি নেমে এসে মন কাড়লেন সুপারস্টার। তবে এখানেই শেষ নয়, সলমনের সঙ্গে ঝাড়ু হাতে এদিন ঝাঁট দেন সলমনের বর্তমান বান্ধবী ইউলিয়া ভান্তুর-ও। স্বল্পবৃষ্টিনাত হয়ে সলমন- ইউলিয়া যুগলে মিলে সাফাই কাজ সেরেছেন।
ঝাঁট দেওয়ারও যে এত রোম্যান্টিক ম্যুড হতে পারে, তার প্রমাণ এটিই। ইউলিয়া ভান্তুরকে সলমনের সঙ্গে দেখে বি-টাউনে গুজবও ছড়িয়েছে জোরদার। সলমন খান আজও বলিউডের ‘সবচেয়ে যোগ্য ব্যাচেলর’। বারবার গসিপে বিতর্কে উঠে এসছে তাঁর প্রেমের গল্প, বিচ্ছেদের গল্প।
কম নায়িকার সঙ্গে তাঁর নাম জড়ায়নি। ঐশ্বর্যা রাই, অমিশা প্যাটেল, দিয়া মির্জা, কিংবা ক্যাটরিনা কাইফ – অনেকের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন সলমন। কিন্তু কোথাও থিতু হতে পারেননি। জীবনের এতগুলো বসন্ত পেরিয়ে গেলেও তিনি আজও অকৃতদার আল্টিমেট প্রেমিক।
তাঁর জন্য প্রেমে পাগল সকলেই। ভাইজানের এই ইনস্টাগ্রাম পোস্ট দেখে ভালবাসা উজাড় করে দিয়েছেন বিগ বস প্রতিযোগী আরশি খান, অভিনেতা রবি দুবে প্রমুখ। একই সঙ্গে গসিপ ঘনিয়েছে, সলমন-ইউলিয়া এক ফার্মহাউসেই রয়েছেন লক-ডাউন পিরিয়ডে!
দেখুন সলমনের ঝাঁট দেওয়ার ভিডিও :——–
তবে সাম্প্রতিক নিসর্গ বলে নয়, এর আগেও করোনার জন্য ঘরবাড়ি পরিষ্কার করতে দেখা গেছে ভাইজানকে। করোনা সচেতনতা বাড়াতে একাধিক বার অনুরাগীদের ভিডিও বার্তা দিয়েছেন ভাইজান। প্রতিবাদ করেছেন সরকারি নিষেধ অমান্য করে দেশবাসীদের পথে নামায়।
তিনি ধন্যবাদ জানিয়েছেন পুলিশ, চিকিত্সক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের। একই সঙ্গে তাঁর অনুরোধ ছিল, ‘করোনা এক্ষুণি যাচ্ছে না দেশ থেকে। যখন-তখন যে কেউ আক্রান্ত হতে পারেন করোনা সংক্রমণে।
ফলে, ঝুঁকি নিয়ে ট্রাম-বাস-ট্রেনে ভিড় বাড়ানোর দরকার কি! খুব প্রয়োজন না পড়লে আপাতত ঘরে থাকাই সুস্থ থাকার সহজ উপায়।’ এছাড়াও মনে পড়ে যায় সেই ঘটনা, যখন বিগ বসের সেট প্রতিযোগীরা নোংরা করলে নিজেই সেসব পরিষ্কার করেছেন সলমন খান।
তাই নিজের ফার্মহাউস পরিষ্কার করাও যেন সলমনের কাছে খুবই স্বাভাবিক ব্যাপার। তবে এই সময়ে সলমন যে তাঁর ফার্মহাউসে কেবল বিলাসী জীবন যাপন করছেন, তা নয়।
তিনি জ্যাকলিন ফার্নান্ডেজ, ইউলিয়া ভন্তুর-সহ আরও একাধিক তারকাকে সঙ্গে নিয়ে এই লকডাউনে মহারাষ্ট্রের প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারগুলোকে ত্রাণও পৌঁছে দিচ্ছেন। পাশাপাশিই ঈদের দিন হিন্দু-মুসলিম ঐক্য নিয়ে গান গেয়েও দেশবাসীর মন জয় করে নিয়েছেন সল্লু ভাইজান।
সুত্র: THE WALL



