ঝাড়গ্রাম

প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লেবু খান, বেলপাহাড়ির আদিবাসীদের গাছ দিয়ে সচেতন করলেন সমাজসেবী তমাল

প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লেবু খান, বেলপাহাড়ির আদিবাসীদের গাছ দিয়ে সচেতন করলেন সমাজসেবী তমাল - West Bengal News 24

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসে বেলপাহাড়ির প্রত্যন্ত গ্রামের শবর-আদিবাসী-মূলবাসীদের গাছের চারা উপহার দিলেন ঝাড়গ্রাম জেলার বিশিষ্ট সমাজসেবী-শিক্ষক তমাল চক্রবর্তী। গ্রামবাসীদের পরিবেশ-সচেতন করার পাশাপাশি, করোনা মুক্ত থাকতে শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য নিয়মিত লেবু খাওয়ার পরামর্শ দিলেন তমালবাবু। গ্রামবাসীদের সঙ্গে নিয়ে চারা রোপণও করলেন তমালবাবু ও তাঁর ভ্রাতৃপ্রতিম দুই সহযোগী।

ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া অঞ্চল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের শিক্ষক তমালবাবু নিজে একজন প্রকৃতিপ্রেমী। স্কুলের পড়ুয়াদের নিয়ে নিয়মিত সবুজায়নের প্রচার এবং সবুজ ধ্বংসের বিরুদ্ধে সাধারণ মানুষজনকে সচেতন করেন তিনি। ঝরা শালপাতায় আগুন লাগানোর বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে জনমত গঠনের কাজ করে চলেছেন তমালবাবু।

এদিন তমালবাবু ও তাঁর দুই সহযোগী দেবশঙ্কর গিরি ও শ্রীকান্ত দে বেলপাহাড়ির বড়পাল, জোড়ডাঙা ও পচাপানি গ্রামে গিয়ে বাসিন্দাদের সচেতন করেন। পাতিলেবু, জামরুল ও আমলকির উপকারিতা সম্পর্কে গ্রামবাসীদের বোঝান তাঁরা। গ্রামবাসীদের জন্য তমালবাবু প্রচুর পাতিলেবু ও মুসাম্বি নিয়ে গিয়েছিলেন। ওই তিনটি গ্রামের ৯৫ টি পরিবারকে ২৮৫ টি পাতিলেবু, জামরুল ও আমলকি গাছের চারা উপহার দেওয়া হয়। তমালবাবু জানান, প্রতিটি পরিবারকে তিনটি করে গাছের চারা দেওয়া হয়। এদিন বড়াপালের চিন্তা ভক্তা, পচাপানির গণেশ মুর্মু, জোড়ডাঙার শুকলাল সরেনের মতো গ্রামবাসীদের সঙ্গে তমালবাবুরাও গাছের চারা রোপণ করেন। তমালবাবু বলেন, “শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন সি খুবই প্রয়োজনীয়। গ্রামবাসীদের নিয়মিত লেবু খাওয়ার পরামর্শ দিয়ে এসেছি। গাছ গুলো ঠিকমত বাড়ল কিনা, সেটা ফের গিয়ে দেখে আসব।”

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য