
স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: করোনা মোকাবিলায় উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ার জন্য ঝাড়গ্রাম পুরসভার সাফাই কর্মীদের সংবর্ধনা দিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই।
৬৮ জন সাফাই কর্মীর পাশাপাশি, পুরসভার স্বাস্থ্যকর্মী, জনস্বাস্থ্য ও অন্যান্য বিভাগের মোট ১৩০ জন কর্মীকেও সংবর্ধনা দেওয়া হল। মঙ্গলবার সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে প্রথমে শহরের রবীন্দ্রপার্কে পুরসভার ৬৮ জন সাফাই কর্মীকে মাস্ক, স্মারক, ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে পুরসভা ভবনের সামনে বাকি পুরকর্মীদেরও একই ভাবে সংবর্ধনা দেওয়া হয়।
ডিওয়াইএফআই-এর ১ ও ২ নম্বর এরিয়া কমিটির উদ্যোগে এই কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন ১ নম্বর এরিয়া কমিটির সম্পাদক সুমন জানা ও ২ নম্বর এরিয়া কমিটির সম্পাদক ছত্রধর মাহাতো। দু’জনেই জানালেন, করোনা মোকাবিলায় পুরসভার কর্মীরা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন। লকডাউনের মধ্যেও সাফাই কর্মী ও জনস্বাস্থ্য বিভাগের কর্মীরা পুরবাসীকে নিরলসভাবে পরিষেবা দিয়ে চলেছেন। সেই কারণেই তাঁদের সংবর্ধনা দেওয়া হল।



