১০৭ করোনা যোদ্ধাকে শুভেচ্ছা জানালো ঝাড়গ্রাম পুরসভা, দ্বিতীয় পর্যায়ে শুভেচ্ছা জানানো হবে বাকিদেরও

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম পুরসভার উদ্যোগে ১০৭ জন ‘করোনা-যোদ্ধা’কে শুভেচ্ছা জানানো হল। তাঁরা হলেন পুরসভার স্প্রে-ম্যান, সাফাই কর্মী, স্বাস্থ্য কর্মী ও পুরসভার অন্যান্য কর্মীরা। বৃহস্পতিবার পুরসভার সভাঘরে ওই কর্মীদের পুষ্পস্তবক, হ্যান্ডওয়াশ, স্যানিটাইজার, মাস্ক ও ছাতা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
স্প্রে ম্যান ও সাফাই কর্মীদের এসবের সঙ্গে একটি করে রেনকোটও দেওয়া হয়। এছাড়া করোনা পরিস্থিতিতে শহরে স্বাস্থ্যবিধি ঠিক মতো মানা হচ্ছে কি-না তা নজরদারি করা ও পুরসভাকে বিশেষ ভাবে সহযোগিতা করার জন্য ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়, সেকেন্ড অফিসার হরি শিকদার এবং এসআই সুনীল ছেত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। করোনা যোদ্ধাদের হাতে উপহার তুলে দেন পুরসভার প্রশাসক তথা মহকুমাশাসক (সদর) সুবর্ণ রায়, প্রাক্তন পুরপ্রধান শিবেন্দ্রবিজয় মল্লদেব, পুরসভার নির্বাহী আধিকারিক তুষারকান্তি সৎপথী।

পুরসভার প্রশাসক তথা মহকুমাশাসক সুবর্ণ রায় জানালেন, এদিন প্রথম পর্যায়ে ১০৭ জনকে সংবর্ধনা দেওয়া হল। সামাজিক দূরত্ব মেনে চলার জন্য একসঙ্গে সবাইকে সংবর্ধনা দেওয়া সম্ভব হয়নি। দ্বিতীয় পর্যায়ে বাকিদেরও সংবর্ধনা দেওয়া হবে। পুর-প্রশাসক জানান, লকডাউনের সময়ে সাফাই কর্মী ও স্প্রে ম্যানরা নিরলস ভাবে কাজ করে গিয়েছেন। স্বাস্থ্যকর্মীরা বাড়ি-বানি গিয়ে বাসিন্দাদের সচেতন করেছেন।
বাইরে থেকে যাঁরা এসেছেন, তাঁদের সম্পর্কে খোঁজ নিয়েছেন। পুরকর্মীরা অভাবী মানুষজনের বাড়িতে ত্রাণের খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। সেই সঙ্গে লকডাউনে আইনের শাসন প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ঝাড়গ্রাম থানার আইসির নেতৃত্বে পুলিশ কর্মীরা পুরসভাকে বিশেষভাবে সহযোগিতা করেছেন। সেই কারণে এই সব করোনা যোদ্ধাদের সম্মান জানানো হল।



