শারীরিক অবস্থার অবনতি, আইটিইউতে স্থানান্তর করা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে

করোনা আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অসুস্থতা বেড়েছে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। তাই তাঁকে আইটিইউতে স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, সৌমিত্রবাবুর শরীরে অক্সিজেনের ঘাটতি হচ্ছে। তাই প্রয়োজন মতো অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে তাঁকে।
অক্টোবরের প্রথম দিন থেকেই অসুস্থ ছিলেন সৌমিত্রবাবু। জ্বর, সর্দির মতো কোভিডের উপসর্গ ছিল তাঁর শরীরে। ৫ অক্টোবর তাঁর করোনা পরীক্ষা হয় এবং রিপোর্ট আসে পজিটিভ। ৬ তারিখ সকাল ১১ টা নাগাদ বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
বেলভিউ সূত্রে জানা গিয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের রক্তচাপ অনিয়মিত রয়েছে। অস্থিরতাও রয়েছে শরীরে। ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে তাঁকে। পাশে সারাক্ষণ একজন চিকিত্সক থাকছেন। গত বছর নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়েছিল সৌমিত্রবাবুর।
আরও পড়ুন: ছয় দশক পেরিয়ে ফিরে দেখা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনী
চরম শ্বাসকষ্ট নিয়ে রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রবীণ অভিনেতাকে। আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। তাঁর চিকিত্সার জন্য তৈরি হয়েছিল মেডিক্যাল টিম। ডাক্তাররা বলেছিলেন, অ্যাকিউট নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন সৌমিত্রবাবু। মাল্টি অর্গ্যান ডিস ফাংশন শুরু হয়ে গিয়েছিল।
শ্বাসের সমস্যা বেড়েছিল। এমনিতেই সৌমিত্রবাবুর শ্বাসকষ্টের সমস্যা অনেকদিনের। ২০০৬ সাল থেকে তিনি সিওপিডিতে আক্রান্ত। এমনিতে কোভিড সংক্রমণ বৃদ্ধদের জন্য বেশ ঝুঁকির। তার উপর সৌমিত্র চট্টোপাধ্যায়ের অনেকগুলি কো-মর্বিডিটি রয়েছে।
তাই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে টলিউডে অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, তাঁর স্বামী তথা প্রযোজক নিশপাল রানে, পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা সোহম চক্রবর্তী করোনা আক্রান্ত হয়েছেন। তাঁরা সেরেও উঠেছেন।
সুত্র: THE WALL



