সোমবার পর্যন্ত শুধুমাত্র করোনায় মৃতদের সত্কার নিমতলা শ্মশানে

নিমতলা শ্মশানে কোভিড আক্রান্ত নন এমন ব্যক্তিদের সৎকার আগামী ৪৮ ঘণ্টা বন্ধ থাকছে। করোনা আক্রান্ত হয়ে মৃতদেরই আপাতত সৎকার হবে নিমতলা শ্মশানে। বাকি সব মৃতদেহের সৎকার আগামী ৪৮ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
আগামী মঙ্গলবার অর্থাৎ ১১ মে থেকে পুনরায় চালু হবে সৎকারের ব্যবস্থা। প্রসঙ্গত, নিমতলা শ্মশানে মোট ১০ টি চুল্লির মধ্যে ২ টি রাখা হয়েছে কোভিড আক্রান্ত নন এমন ব্যক্তিদের মৃতদেহ সৎকারের জন্য। আর বাকি ৮ টি চুল্লি সংরক্ষিত রাখা হয়েছে কোভিড আক্রান্ত হয়ে যাঁরা মারা যাচ্ছেন তাদের জন্য। কোভিড আক্রান্ত নন এমন ব্যক্তিদের মৃতদেহের চাপ বাড়ায় চুল্লিগুলির রক্ষণাবেক্ষণ ঠিকভাবে করা সম্ভব হচ্ছিল না, তাই রক্ষণাবেক্ষণের জন্যই আপাতত ৪৮ ঘণ্টা বন্ধ রাখা হচ্ছে নিমতলা শ্মশান।
কাঠের চুল্লিতে দাহ করার ব্যবস্থা করা যেতে পারে কিন্তু বৈদ্যুতিক চুল্লি ২ টি বন্ধ থাকবে। প্রশাসনের তরফে বলা হচ্ছে নিমতলা শ্মশান বন্ধ থাকছে তাই পাশের রতনবাবু ঘাট কিংবা কাশীমিত্র ঘাটে যে শ্মশান রয়েছে সেগুলিতে যাওয়ার জন্য। এ প্রসঙ্গে কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ বলেন, ‘কোভিড মৃতদেহগুলি বিশেষ প্লাস্টিকে মুড়িয়ে সৎকার করা হয়। আর প্লাস্টিকগুলি গলে বৈদ্যুতিক চুল্লির যন্ত্রাংশ খারাপ হয়ে যাচ্ছে। তাই রক্ষণাবেক্ষণের প্রয়োজন। সেইজন্যই বন্ধ রাখা হচ্ছে নিমতলা শ্মশান।’
সুত্র : আজকাল



