দেশে এই মুহূর্তে ৯ লক্ষের বেশি করোনা আক্রান্ত অক্সিজেন সাপোর্ট পেয়েছেন, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

চরম সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে কেন্দ্রও। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে ১ লক্ষ ৭০ হাজার ৮৪১ জন করোনা রোগীকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। পাশাপাশি ৯ লক্ষ ২ হাজার ২৯১ জন করোনা রোগীকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে।
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন করোনা নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, নীতি আয়োগের সদস্য বিকে পাল সহ আরও কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী। ভার্চুয়াল সেই বৈঠকে প্রথমবার তিনি এই তথ্য প্রকাশ করেন। হর্ষবর্ধন জানান, ICU-তে রয়েছেন ৪ লক্ষ ৮৮ হাজার ৮৬১ জন, যা মোট করোনা আক্রান্তের ১.৩৪%। তার মধ্যে দেশে করোনা আক্রান্তের ০.৩৯% অর্থাত্ ১ লক্ষ ৭০ হাজার ৮৪১ জন করোনা রোগীকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।
নীতি আয়োগের সদস্য বিকে পাল ভার্চুয়াল সভাতে করোনা নিয়ন্ত্রণে একাধিক পরিকল্পনার কথা জানান। সেখানে তিনি হাসপাতালের পরিকাঠামো কীভাবে ঠিক করতে হবে সেই বিষয়েও পরামর্শ দেন। পাশাপাশি তরল অক্সিজেন আরও বেশি করে উত্পাদনের ওপর জোর দেওয়ার কথাও বলেন তিনি।
সুত্র : আজকাল



