
ঝাড়গ্রাম: করোনা আবহে হাতে কাজ নেই। তাই খেটে খাওয়া দরিদ্র পরিবারের ছোট্ট সাবির, রেহানা, ইজাজুলদের ঈদের নতুন জামা হয়নি। ঈদের আগের দিন মলিন মুখে হাসি ফুটল।
তৃণমূলের সংখ্যালঘু সেলের উদ্যোগে বৃহস্পতিবার জামবনি ব্লকের টুনকাশোল গ্রামে ৮৫টি দরিদ্র সংখ্যালঘু পরিবারের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হল। সঙ্গে দেওয়া হল লাচ্ছার প্যাকেটও।
এই কর্মসূচির উদ্যোক্তা সংখ্যালঘু সেলের নেতা শেখ ইরশাদ আলি বলেন, ‘‘করোনা আবহে গরিব মানুষজনের অনেকেরই এবার ঈদের নতুন পোশাক হয়নি। সেই কারণেই ঈদের দিন যাতে এলাকার সকলে নতুন পোশাক পরতে পারেন, সেই কারণেই এমন উদ্যোগ নেওয়া হয়।
এদিন নতুন পোশাক দেওয়ার সময় এলাকাবাসীকে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করা হয়। জ্বর বা অন্য উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ স্থানীয় মুসলিম কমিটির মাধ্যমে যোগাযোগ করে করোনার পরীক্ষা করার জন্য বলা হয়।
টুনকাশোল মুসলিম কমিটির সম্পাদক শেখ রজব আলি বলেন, “কোভিড বিধি মেনে ঈদের দিন দূরত্ব বজায় রেখে ৫০ জন করে ঈদের নামাজ পড়বেন এলাকার ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়। মহান আল্লাহের কাছে বিশ্বের রোগমুক্তিরও প্রার্থনা করা হবে।”



