ঝাড়গ্রাম

লালগড়ে উদ্ধার হলুদ কচ্ছপের ঠাঁই হল চিড়িয়াখানায়

স্বপ্নীল মজুমদার

লালগড়ে উদ্ধার হলুদ কচ্ছপের ঠাঁই হল চিড়িয়াখানায় - West Bengal News 24

লালগড়: বিশ্ব কচ্ছপ দিবসের একদিন আগে লালগড় রেঞ্জের জঙ্গল রাস্তা থেকে উদ্ধার হল একটি হলুদ রঙের কচ্ছপ। বন দপ্তরের আধিকারিকরা বলছেন, এটি প্রকৃতপক্ষে বিরল প্রকৃতির ‘অ্যালবিনো’ কচ্ছপ। গত বছর জুলাইয়ে ওড়িশার বালেশ্বরের একটি গ্রামে এমনই হলুদ কচ্ছপ পাওয়া গিয়েছিল।

ফের গত বছর অক্টোবরে বর্ধমানের এক পুকুর থেকেও এমন বিরল দর্শন কচ্ছপ মিলেছিল। বন দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে লালগড় রেঞ্জের জঙ্গল লাগোয়া মোরাম রাস্তার ধারে কচ্ছপটিকে দেখতে পান স্থানীয় বন সুরক্ষা কমিটির সদস্য শ্রীদাম দেবসিংহ। কেউ সেটিকে ধরে নিয়ে যেতে পারে এমন আশঙ্কায় বনসুরক্ষা কমিটির সদস্য সেটিকে বাড়িতে নিয়ে আসেন।

শনিবার তিনি খবর দেন লালগড় রেঞ্জ অফিসে। খবর বনকর্মীরা কচ্ছপটিকে উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে যান। লালগড়ের রেঞ্জ অফিসার শ্রাবণী দে বলেন, “কচ্ছপটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। রবিবার সেটিকে ঝাড়গ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।’’

ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যক্ষ প্রাণিবিদ্যার অধ্যাপক ড. দেবনারায়ণ রায় বলেন, ‘‘এটি ফ্ল্যাপশেল কচ্ছপ। জিনের তারতম্যের জন্য ‘অ্যালবিনো’ কচ্ছপটি উজ্জ্বল হলুদ রঙ ধারণ করতে পারে।” এই কচ্ছপ বিরল দর্শন হওয়ায় প্রকৃতির মাঝেই তার স্বাভাবিক বাসস্থানে সেটিকে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন প্রাক্তন বনকর্তা সমীর মজুমদারের মত বন্যপ্রাণ গবেষকরা।

জঙ্গলমহলে এমন কচ্ছপ আগে দেখা যায়নি। প্রাণিবিদ্যার গবেষকদের দাবি, বিরল প্রকৃতির এই কচ্ছপ সংরক্ষণের জন্য সরকারি ও বেসরকারি স্তরে উদ্যোগ নেওয়া জরুরি।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য