
জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ নিম্নগামী হওয়ায় শেষমেশ বড় পদক্ষেপ করল শি জিনপিংয়ের চিন। এতোদিন নিয়ম ছিল কোনও চিনা দম্পতি দুয়ের বেশি সন্তানের জন্ম দিতে পারবে না। সেই নিয়মের বদল ঘটিয়ে বলা হল, এখন থেকে ৩ সন্তানের জন্ম দেওয়াও বৈধ বলে স্বীকৃত হবে।
চিনের সরকারি সংবাদমাধ্যম শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে চূড়ান্ত সম্মতি দিয়েছেন প্রেসিডেট শি জিনপিং। সদ্য চিনের আদমসুমারির ফল ঘোষণা হয়েছে। তাতে দেখা গিয়েছে যে গত দশকে চিনের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সবচেয়ে কম। তার প্রেক্ষিতেই এদিনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
এ মাসের গোড়ায় চিনের সর্বশেষ যে আদমসুমারির ফল ঘোষণা হয়েছে, তাতে দেখা গিয়েছে ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত দশ বছর ধরে চিনের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার হল ০.৫৭ শতাংশ।
দেশের মোট জনসংখ্যা ১৪১ কোটি। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অনেকের মতে, নতুন নীতি প্রবর্তন করে চিন কতটা ফল পাবে বা আদৌ পাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, অতীতে যে নিয়ম চালু করা হয়েছিল তা চিনের নতুন প্রজন্মের মধ্যে অভ্যাসে পরিণত হয়েছে। এমনকি বহু দম্পতি এমন রয়েছে যারা সন্তানই নিচ্ছে না। সরকার চাইলে জন্মনিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু কমিউনিস্ট পার্টি কাউকে সন্তান গ্রহণের জন্য তো জোর করতে পারবে না।
সূত্র :দ্য ওয়াল



