বীরভূম

ফের ভাঙন বিজেপিতে, ৩০০ বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে

ফের ভাঙন বিজেপিতে, ৩০০ বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে - West Bengal News 24

বিজেপি করেও এলাকার উন্নয়ন করতে পারেননি তাঁরা। তাই ভীষণভাবে লজ্জিত তাঁরা। এমনই দাবি নিয়ে বীরভূমের লজ্জিত কর্মীরা তৃণমূলে যোগদানের আর্জিতে অনশনে বসলেন। দীর্ঘক্ষণ অনশনের পর তাঁদের দলে যোগদান করাল তৃণমূল। যদিও শিবির বদলানোয় সকলকেই গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধ’ করার পরই দলে তোলা হয়েছে।

বীরভূমের সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত বনগ্রাম অঞ্চলের ঘটনা। শুক্রবার সকাল ৮টা থেকে তৃণমূল কার্যালয়ের সামনে অনশনে বসেন অঞ্চলের প্রায় ৩০০ বিজেপি কর্মী। দাবি, বিজেপিতে থেকেও কোনও উন্নয়ন করতে পারেননি এলাকার। তাই তৃণমূলের হাত ধরে এলাকায় উন্নয়নের জোয়ার আনতে চান তাঁরা। প্রায় ৪ ঘণ্টা অনশনের পর দুপুর ১২টা নাগাদ দলীয় কার্যালয়ে আসেন এলাকার তৃণমূল নেতারা। অনশনকারী বিজেপি কর্মীদের গায়ে গঙ্গাজল ছিটিয়ে তাঁদের ‘শুদ্ধিকরণ’ করানো হয়। তারপর তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে দলে যোগদান করানো হয়।

অনশনকারী এক বিজেপি কর্মী অশোক মণ্ডলের কথায়, “আমরা এত দিন বিজেপি করলেও বনগ্রাম অঞ্চলের কোনও উন্নয়ন করতে পারিনি। উল্টে বিভিন্ন বিক্ষোভের জেরে আমাদের জন্যই এলাকার উন্নয়নে বাধা পেয়েছে। সে কারণে আমরা দুঃখিত এবং লজ্জিত। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে শামিল হওয়ার জন্য আমরা অনশন কর্মসূচি পালন করছি।

যতক্ষণ না আমাদের তৃণমূলে যোগদান করানো হবে, ততক্ষণ অনশন চালিয়ে যাব। বনগ্রামের প্রধানের কাছে চিঠি দিয়ে স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিতে চাই।” তৃণমূলের বীরভূম জেলার সহ-সভাপতি অভিজিত্‍ সিংহ জানান, জেলার বিজেপি কর্মীদের তৃণমূলে নেওয়া হলেও রীতিমতো বাছবিচার মেনে তবেই দলে নেওয়া হয়েছে। তিনি বলেন, “বিজেপি কর্মীদের দেখেশুনে তবেই দলে যোগদান করানো হয়েছে।”

সুত্র : এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য