আবারও বিজেপির সঙ্গে জোট বাঁধবে শিবসেনা? মহারাষ্ট্রে জল্পনা তুঙ্গে

কয়েকদিন আগেই দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রে ফিরে তিনি আক্রমণ শানিয়েছেন কংগ্রেসের বিরুদ্ধে। এরপরেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি ফের বিজেপির সঙ্গে জোট বাঁধতে চলেছে শিবসেনা? যদিও প্রকাশ্যে শিবসেনা ও কংগ্রেস উভয় জোটই বলেছে, মহা বিকাশ আগাদি জোট অটুট রয়েছে।
সম্প্রতি সুপ্রিম কোর্ট মহারাষ্ট্র কোটার প্রস্তাব নাকচ করে দেয়। এ ব্যাপারে কেন্দ্রের সাহায্য চাইতে দিল্লিতে গিয়েছিলেন উদ্ধব। তখনই তিনি মোদীর সঙ্গে দেখা করেন। এরপরে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের নেতা নানা পাটোলে বলেন, আগামী বিধানসভা ভোটে একাই লড়বে তাঁর দল। শিবসেনার সঙ্গে জোট করবে না।
গত শনিবার কংগ্রেসের সমালোচনা করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা যদি কাজ না করি, কেবল একা ভোটে লড়াই করার কথা বলি, তাহলে মানুষ আমাদের চপ্পল দিয়ে মারবে। তারা আমাদের দলগত গোঁড়ামি ও উচ্চাকাঙ্ক্ষার কথা শুনতে রাজি নয়।’ পরে উদ্ধব বলেন, ‘শিবসেনা ক্ষমতার কাঙাল নয়। আমরা অকারণে অপরের বোঝা বহন করব না। আমরা সব সময়ই মানুষের স্বার্থকে সকলের ওপরে স্থান দিই।
দরকার হলে আমরাও এককভাবে নির্বাচনে লড়ব।’ এরপরে অবশ্য শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, ‘কংগ্রেস ও এনসিপি-র সঙ্গে আমাদের জোট অটুট আছে। আগামী পাঁচ বছর এই জোটই সরকার চালাবে। বহিরাগতরা হেরে যাওয়ার পরেও ক্ষমতা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের জোটের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা হচ্ছে। কিন্তু সেই চেষ্টা সফল হবে না।’
নানা পাটোলেও বলেন, কংগ্রেস সর্বশক্তি দিয়ে উদ্ধব ঠাকরের সরকারের পাশে দাঁড়াবে। তাঁর কথায়, ‘আমাদের নেত্রী সনিয়া গান্ধী বলেছেন, বিজেপি যাতে ক্ষমতায় না আসতে পারে, সেজন্য মহা বিকাশ আগাদিতে থাকতে হবে।’ যদিও নানা পাটোলে কিন্তু একবারও বলেননি, শিবসেনার সঙ্গে তাঁদের জোট কতদিন স্থায়ী হবে।
তিনি বলেছেন, ‘পাঁচ বছরের জন্য কংগ্রেস উদ্ধব ঠাকরে সরকারের পাশে আছে। কংগ্রেস মহা বিকাশ আগাদি জোটে ভাঙন ধরাবে না। আমাদের নেত্রী সনিয়াজি সেই আশ্বাস দিয়েছেন।’ গত সপ্তাহের শেষে সঞ্জয় রাউত কিন্তু মোদী সম্পর্কে ভিন্ন সুরে মন্তব্য করেন।
কিছুদিন আগে আরএসএস বলেছিল, মোদীর বদলে আঞ্চলিক কোনও নেতাকে তুলে ধরে মহারাষ্ট্রে ভোটে যাওয়া উচিত বিজেপির। এসম্পর্কে সঞ্জয় রাউতকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি কোনও মন্তব্য করতে চাই না। বিজেপির গত সাত বছরের সাফল্যের পিছনে মোদীর কৃতিত্বই সবচেয়ে বেশি। মোদী এখন দেশ ও বিজেপির সবচেয়ে বড় নেতা।’
সূত্র : দ্য ওয়াল



