‘৩৭০ ফেরার আশা করা বোকামি, তবু হাল ছাড়িনি’ : ওমর আবদুল্লাহ

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বাসভবনে ঘণ্টা তিনেকের বৈঠক করেছেন জম্মু ও কাশ্মীরের নেতারা। উপত্যাকায় রাজনৈতিক প্রক্রিয়া শুরু করার উদ্দেশ্যেই মূলস্রোতের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নরেন্দ্র মোদীর এই বৈঠক বলে মনে করা হয়েছে। বৈঠকের পর এবার মুখ খুললেন ন্যাশানাল কনফারেন্স নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
আবদুল্লাহ এদিন বলেন, এত তাড়াতাড়ি সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে এনে উপত্যাকার বিশেষ মর্যাদা পুনস্থাপন করা হবে, এমন আশা করা নেহাতই বোকামি। ৭০ বছরের চেষ্টায় নিজেদের অ্যাজেন্ডা পূরণ করতে পেরেছে বিজেপি। তাই এত সহজে তারা তা ফেরাবে না। তবে হাল ছাড়ছেন না ওমর আবদুল্লাহ, এদিন তাও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘আমাদের লড়াই সবে শুরু হয়েছে। এখনই ৩৭০ ফিরিয়ে আনা হবে, একথা বলে আমরা মানুষকে বোকা বানাতে চাই না। সরকার এমন কোনও ইঙ্গিত দেয়নি।’
তিন ঘণ্টার সেই বৈঠকে ওমর আবদুল্লাহ-সহ আরও চার জনকে কোনও কথা বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ। বাকিরা হলেন তারা চাঁদ, নির্মল সিং, রবীন্দ্র রায়না এবং গুলাম মীর। এই বৈঠককে সূচনা হিসেবে ধরে নিয়েই এগোচ্ছেন ন্যাশানাল কনফারেন্স নেতা। গতকাল বৈঠক নিয়ে মুখ খুলেছিলেন জম্মু ও কাশ্মীরের আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতিও।
তিনি বলেছিলেন, যতদিন সংবিধানের ৩৭০ ধারা ফিরে না আসছে, ততদিন তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না। মেহবুবা মুফতির এই ঘোষণায় জম্মু-কাশ্মীরে রাজনৈতিক প্রক্রিয়া শুরুর জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগ ধাক্কা খেয়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা। মোদীর সঙ্গে বৈঠকে কিন্তু ৩৭০ ধারা ফেরানোর কথা তোলেননি কেউ।
মেহবুবা মুফতিরা জম্মু-কাশ্মীরকে ফের রাজ্য হিসাবে ঘোষণা করার দাবি তুলেছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন, উপযুক্ত সময়ে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন ওমর আবদুল্লাহও জানিয়ে দিলেন, আইনি পথে, শান্তিপূর্ণ ভাবে সাংবিধানিক পদ্ধতিতেই জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর জন্য লড়াই করবেন তাঁরা।
সুত্র : দ্য ওয়াল



