
ঝাড়গ্রাম: অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘মুক্তি’র সৌজন্যে গিধনী এলোকেশী উচ্চ বিদ্যালয়ের কমিউনিটি হলে একটি অক্সিজেন পার্লারের উদ্বোধন হল। মুক্তি সংস্থাটি গিধনী এলোকেশীর পাশাপাশি, রাজ্যের একশোটি স্কুলে এই ধরনের অক্সিজেন পার্লার গড়তে অক্সিজেন কনসেন্ট্রেটর ও পালস অক্সিমিটার দিয়ে সাহায্য করেছে।
মঙ্গলবার ওই অক্সিজেন পার্লারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা। ছিলেন গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো, ঝাড়গ্রাম জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক সঞ্জয় চট্টোপাধ্যায়, জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক শুভাশিস মিত্র, অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস-এর জেলা সম্পাদক তপনকুমার দে, গিধনী গ্রাম পঞ্চায়েত প্রধান সুখী হাঁসদা, সমাজসেবী অর্জুন হাঁসদা, ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমীর অধ্যক্ষ সঞ্জীব মিত্র, গিধনীর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের শ্যামলকুমার মজুমদার, বারুণশোল বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপনকুমার বাগ প্রমুখ।
স্থানীয় দশজনের একটি দল ওই পার্লারে পরিষেবা দেবেন। অক্সিজেন কনসেন্ট্রেটরটি কিভাবে ব্যবহার করতে হয় এদিন সেটা ওই দশজনকে হাতেকলমে দেখান ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া অঞ্চল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, গবেষক তথা ঝাড়গ্রাম ব্যাড বয়েজ ফাউন্ডেশনের অন্যতম প্রতিনিধি তমাল চক্রবর্তী।
ঝাড়গ্রাম শহরের রয়্যাল দে’জ মেডিক্যালের কর্নধার ইন্দ্রনীল ঘোষ স্কুলকে একটি পালস অক্সিমিটার দেন।
ইন্দ্রানীলের স্ত্রী স্বাতীলেখা দে ঘোষ স্বাতীজ কিচেনের পক্ষ থেকে একটি কেক উপহার দেন। সেই কেক সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়। ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমীর অধ্যক্ষ সঞ্জীব মিত্র অক্সিজেন পার্লারে পরিষেবাদানকারীদের জন্য বেশ কিছু পিপিই কিট এবং মাস্ক দেন।
অক্সিজেন পার্লারটির উদ্বোধনের পর এলাকার খেড়েজোড়া ও শালিকা গ্রামের বাসিন্দাদের মধ্যে স্যানিটাইজার বিলি করা হয়। এলাকায় একটি প্রচার গাড়ি নিয়ে প্রচারপত্র দিয়ে সবাইকে করোনা নিয়ে সচেতন করা হয়। বিলি করা হয় মাস্ক ও স্যানিটাইজার। অনুষ্ঠানে সচেতনতামূলক একটি নাটক পরিবেশন করে ঝাড়গ্রাম কথাকৃতির ছোট-বড় সদস্যরা। নাটকটির ‘নাম ভয় পেয়ো না’। প্রধানশিক্ষক দেবলীনা দাশগুপ্ত জানান, স্কুলের পরিচালন সমিতির সভাপতি শঙ্কর মাহাতোর সক্রিয় উদ্যোগে অক্সিজেন পার্লারে পরিষেবা দেওয়ার জন্য স্থানীয় দশজনকে নিয়ে স্বেচ্ছাসেবক-দল এর দল গঠন করা সম্ভব হয়েছে।



