
বান্ধবীর জন্মদিনে উপহার রক্ত! বন্ধুত্বের নয়া উদযাপন দেখল অরণ্যশহর ঝাড়গ্রাম!
রক্তদানে সার্বসাধারণকে আগ্রহী করে তুলতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। সেই উদ্যোগে এমনভাবে সাড়া মেলায় অভিভূত রক্তদাতা সংগঠনটির সম্পাদক চন্দন শতপথী বলছেন, “আমাদের সচেতনতা প্রচারে যুব সমাজের একাংশ এগিয়ে এসেছেন। তবে এমন অভিনব ভাবে রক্তদানের গুরুত্ব অপরিসীম।”
ঝাড়গ্রাম শহরের নৃত্যশিক্ষিকা মৌ ঘোষের জন্মদিন ছিল শনিবার। মৌয়ের বন্ধু বছর সাতাশের শুভেন্দু দে পেশায় ব্যবসায়ী। এদিন সকালে শুভেন্দু মৌকে ফোন করে জানিয়েছিলেন, জন্মদিনে তাঁকে অভিনব উপহার দেবেন। তিনি ঝাড়গ্রাম ব্লাড ব্যাঙ্কে মৌকে আসতে বলেন। শুভেন্দু ও মৌ দু’জনেই চলতি বছরে ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সদস্য হয়েছেন।

মৌ ভেবেছিলেন, শুভেন্দু রক্তদান সংক্রান্ত কোনও কাজে সেখানে গিয়েছেন, তাই উপহার সঙ্গে থাকায় সেখানেই হয়ত দেওয়ার জন্য ডাকছেন। সেখানে পৌঁছে মৌকে অবাক করে দিয়ে শুভেন্দু জানান, প্রিয় বান্ধবীর জন্মদিনে তিনি রক্তদান করবেন। যদিও সেই রক্ত অন্য কেউ পাবেন, কিন্তু বন্ধুত্বের উদযাপন তিনি স্মরণীয় করে রাখতে চান মৌয়ের জন্মদিনকে উপলক্ষ্য করেই। মৌয়ের চোখের কোণ তখন চিক-চিক করছে আনন্দ-অশ্রুতে। মৌ বলেন, “জীবনে প্রথমবার এমন উপহার পেয়ে ভীষণ ভাল লাগছে। আমার এই উপহার অন্যের জীবনদানে সহায়ক হবে। এর থেকে ভাল আর কিছু হতে পারে না।”
এদিন সন্ধ্যায় মৌ ও তাঁর বন্ধুরা শহরের কুষ্ঠ কলোনিতে গিয়ে সেখানকার বাসিন্দাদের কেক খাওয়ান। কলোনির খুদেদের শিক্ষাসামগ্রী উপহার দেন মৌ।



