৭০০ কোটির কর ফাঁকি দেওয়ার অভিযোগ দৈনিক ভাস্করের বিরুদ্ধে, ক্ষোভের মুখে দাবি আয়কর বিভাগের

৭০০ কোটি টাকা আয়ের কর ফাঁকি দিয়েছে জনপ্রিয় সংবাদপত্র দৈনিক ভাস্কর, শনিবার জানাল আয়কর দপ্তর। এছাড়াও সংবাদপত্রটির অফিসে তল্লাশি চালিয়ে স্টক মার্কেটে অনিয়ম এবং বিভিন্ন সংস্থা থেকে বেআইনি আয়ের হিসেব পাওয়া গেছে। উত্তরপ্রদেশ থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিকের বিরুদ্ধে এই অভিযোগের পর উত্তাল হয়েছে কেন্দ্রীয় রাজনীতি।
বিবৃতিতে আয়কর দপ্তর জানিয়েছে, কর্মীদের নামে একাধিক সংস্থা চালাত সংবাদপত্রটি, যে বিষয়ে বিন্দুবিসর্গ জানতেন না সেই কর্মীরাই। কর্মীদের কোম্পানির অংশীদার এবং ডিরেক্টর হিসেবে দেখিয়ে চলত হিসাব-বহির্ভূত আর্থিক লেনদেন। আয়কর দপ্তর বলছে, এই সমস্ত কোম্পানই গড়া হয়েছিল নানা কারণে। যেমন খরচের ভুয়ো হিসেব দেখানো এবং ভুয়ো উপায়ে লভ্যাংশ তুলে নেওয়া। এই ‘কীর্তি’ করে গত ছ’ বছরে প্রায় ৭০০ কোটি টাকা আয় করে দৈনিক ভাস্কর যা ছিল চোখের আড়ালে।
আয়কর আধিকারিকরা বলছেন, সংবাদপত্রটির প্রোমোটার এবং মুখ্য কর্মীদের বাড়িতে ২৬টি লকার পাওয়া গেছে। এখান থেকেই চলত অবৈধ কারবার।
দৈনিক ভাস্কর ছাড়াও উত্তরপ্রদেশের আর এক খবরের চ্যানেল ভারত সমাচারের অফিসেও তল্লাশি চালায় আয়কর দপ্তর। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় দেশজুড়ে চ্যানেলটির বিভিন্ন অফিসে পৌঁছে যান আয়কর দপ্তরের আধিকারিকরা। এদিকে দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্রে দৈনিক ভাস্করের ৩০টি লোকেশনে রেড চলে।
জানা গেছে, এই দুটি সংবাদ সংস্থাই কোভিড পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছিল। এই তল্লাশি নিয়ে দৈনিক ভাস্করের তরফে বলা হয়েছে, ‘আমরা চাপের মুখে হাল ছাড়ব না। আমাদের সাংবাদিকতায় আমরা দৃঢ়বদ্ধ থাকব।’
সূত্র : আজকাল



