পুলিশ পরিচয়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রস্তাব, গায়েব সাড়ে ১১ লক্ষ, গ্রেপ্তার ভুয়ো পুলিশ অফিসার

ভুয়ো পুলিশ অফিসার সেজে কলকাতা পুলিশে চাকরি দেওয়ার প্রতারণা। অভিযোগ পেয়ে তদন্ত এবং তদন্তের পর তাঁকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তের নাম পার্থ দত্ত। পর্ণশ্রী থানায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রতারণা ছাড়াও অন্যান্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। ধৃত বাদে আর কে বা কারা এই ষড়যন্ত্রে জড়িত, তা তদন্ত করে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার খড়িবেড়িয়া অঞ্চলের বাসিন্দা বাপন সরদার নামে এক যুবক পুলিশের কাছে অভিযোগ করেন। তাঁর কথায়, নিজেকে কলকাতা পুলিশের এক আধিকারিক হিসেবে পরিচয় দেন পার্থ। তাঁকে বলেন, তাঁর সঙ্গে কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে যোগাযোগ আছে। এরপর পার্থ তাঁদের টাকার বিনিময়ে পুলিশে চাকরি দেওয়ার প্রস্তাব দেন। তাঁর কথায় ভুলে যান বাপন। তিনি এবং তাঁর দুই বন্ধু পার্থকে ১১ লক্ষ ৬০ হাজার টাকা দেয়।
কিন্তু এরপর চাকরির জন্য বারবার অভিযুক্তকে বললেও, পার্থ তাঁদের চাকরি বা টাকা ফেরত, কোনওটাই দেননি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এরপর তাঁরা পুলিশের দ্বারস্থ হন। তদন্ত চালিয়ে মঙ্গলবার পার্থকে ডায়মন্ড হারবার রোডে উর্মিলা অ্যাপার্টমেন্টে তাঁর ঘর থেকে গ্রেপ্তার করে পুলিশ।
সরকারি চাকরি বা পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা এর আগেও ঘটেছে। অভিযোগ পেয়ে তদন্ত চালিয়েছে পুলিশ। আবার কখনও গ্রেপ্তার হয়েছে ভুয়ো পুলিশ অফিসার। এমনকী আইপিএস বা আইএএস সেজেও প্রতারণার নজির আছে। এইসব প্রতারকদের ফাঁদে পা না দিতে পুলিশের পক্ষ থেকেও সচেতনতার প্রচার করা হয়।
সূত্র : আজকাল



