
মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে ৭ দিনের জন্য প্যারোলে মুক্তি পেলেন রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডু। ২০১৫ সাল থেকে জেলে থাকা ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থার কর্তা গৌতম কুন্ডুকে শুক্রবার ৭ দিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দিল আদালত। ৯ই অগাস্ট থেকে ৭ দিনের প্যারোলে গৌতম কুন্ডুকে মুক্তি দিল কলকাতা হাইকোর্ট। আবারও ১৬ই অগাস্ট সকাল ১০.৩০-এ প্রেসিডেন্সি সংশোধনাগারে ফেরত আসতে হবে তাকে।
জানা গিয়েছে, মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছিলেন রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডু। এর পাশাপাশি করোনার কারণে তাকে আপাতত অন্তর্বতী জামিন দেওয়া হোক, এই আবেদনও জানিয়ে ছিলেন তিনি।
এই মুহূর্তে রোজভ্যালি কান্ডে তদন্ত করছে ইডি। তাই তার জামিন সম্ভব নয় বলে জানায় আদালত। এরপর, অবেশেষে আপাতত ৫০ হাজার টাকা নগদ ও দশ হাজার টাকার দুটি সিকিওরিটি বন্ড জমা রাখতে হবে তাকে, এই শর্তে ৭ দিনের প্যারোলে গৌতম কুন্ডুকে মুক্তি দিল কলকাতা হাইকোর্ট। তবে, আবারও ১৬ই অগাস্ট সকাল ১০.৩০-এ প্রেসিডেন্সি সংশোধনাগারে ফেরত আসতে হবে তাকে। এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের।
প্রসঙ্গত, রোজভ্যালি কান্ডে প্রায় ১৭ হাজার কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে। ইডি এবং সিবিআই, দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই তদন্ত করছে। ২০১৩ সালে রোজভ্যালি দুর্নীতি কাণ্ডের তদন্ত শুরু করে ইডি। এরপরই সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
অন্যদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৪ সালের মে মাসে রোজভ্যালি কাণ্ডের তদন্তভার গ্রহণ করে সিবিআই। গত জানুয়ারি মাসেই গ্রেফতার হন গৌতম কুন্ডের স্ত্রী শুভ্রা কুণ্ডু। আর এবার মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করার পর ৭ দিনের জন্য অন্তর্বর্তী জামিন পেলেন রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডু।
সুত্র : প্রথম কলকাতা



