
বাইশে শ্রাবণ বাঙালি তথা বিশ্ববাসীর কাছে এক বিমর্ষ-দিন। বাংলার ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ, ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ আগস্ট প্রয়াত হন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে প্রতি বছর বাংলা তারিখে কবিগুরুর প্রয়াণ দিবস পালন করা হয়। কিন্তু দু’রকম পঞ্জিকার মতে বাইশে শ্রাবণ দিনটি আগে ও পরে হওয়ায় বিভ্রান্তি দেখা দিল।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে শনিবার ৭ আগস্ট ছিল ২২ শ্রাবণ। কিন্তু অন্য পঞ্জিকাগুলির মতে রবিবার ৮ আগস্ট ২২ শ্রাবণ। ফলে রবিবারই রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে রাজ্যজুড়ে কোভিড বিধি মেনে রবীন্দ্রনাথের তিরোধান দিবস পালন করা হবে। ঝাড়গ্রাম জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘২২ শ্রাবণ , ৮ আগস্ট। রবীন্দ্র তিরোধান দিবস।
বিভাগীয় নির্দেশ অনুযায়ী কোভিড বিধি মেনে জেলা তথ্য ও সংস্কৃতি দফতরে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে সকাল ১০ টায়।’
এদিকে তৃণমূলের একাধিক নেতা ও জনপ্রতিনিধি শনিবারই কবিগুরুর তিরোধান দিবস পালন করে সেই সব ছবি ফেসবুকে পোস্ট করেছেন। বাদ যাননি বন প্রতিমন্ত্রী তথা ঝাড়গ্রামের বিধায়ক বিরবাহা হাঁসদাও। তিনিও শনিবার রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে সেই ছবি ফেসবুকে পোস্ট করেছেন।
ঝাড়গ্রাম শহর যুব তৃণমূলের সভাপতি অনিন্দ্য চট্টোপাধ্যায়ও এদিন রবীন্দ্রনাথের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করে ফেসবুকে ছবি পোস্ট করেছিলেন। পরে ২২ শ্রাবণের বিভ্রান্তির জেরে রাতে পোস্ট ডিলিট করে দেন অনিন্দ্য।
তবে এমন ঘটনায় প্রশ্ন উঠেছে তৃণমূলের অন্দরেই। রাজ্য সরকার অন্য পঞ্জিকা মতে রবিবার ২২ শ্রাবণ উদযাপন করার দিন ধার্য করেছে, অথচ রাজ্যের শাসক দলের নেতা-জনপ্রতিনিধিরাই সেটা জানেন না!



