
দুর্গা পুজোর আগে থেকেই রাজ্যে শুরু হয়েছে বৃষ্টি। পুজোর মধ্যেও অসুর বৃষ্টির দাপট জারি থাকবে বলে পূর্বাভাসে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছিল। তবে পুজোর সময় জনস্রোত দেখে হয়তো বৃষ্টিও কিছুটা ভয় পেয়েছিল। তাই তেমন দাপট দেখাতে পারেনি। ফলে এই বৃষ্টিকে উপেক্ষা করেই রাজ্যজুড়ে দর্শনার্থীদের ঢল নামে রাস্তায়, প্যান্ডেলে। শনিবারও কলকাতার রেড রোডে হয়ে গেল বর্ণাঢ্য দুর্গাপুজো কার্নিভাল। কিন্তু রবিবার লক্ষ্মীপুজোতেও সেই বৃষ্টির ভ্রুকুটি। দুর্গাপুজোর পর এবার লক্ষ্মীপুজোতেও বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
এদিন সকাল থেকে দেখা গেল কলকাতায় রোদ ঝলমলে আকাশ। কিন্ত বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। লক্ষ্মীপুজোয় ভিজবে দুই বঙ্গই।
আরও পড়ুন :: দুর্গাপুজোয় ৫০ হাজার কোটি টাকার বেশি লেনদেন: ফিরহাদ
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে দক্ষিণ অন্ধ্রপ্রদেশে একটি ঘুণ আবর্ত অবস্থান করেছে। সেখান থেকেই একটি অক্ষরেখা উত্তর পূর্ব উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। এর প্রভাবে বাংলায় জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ পার্শ্ববর্তী অঞ্চলে আরও ৪-৫ দিন পরিস্থিতি একই থাকবে। দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস।
অন্যদিকে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, দুই দিনাজপুর, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।



