
তদন্তের অজুহাত দেখিয়ে সিবিআই কি তাঁকে অনন্তকাল হেফাজতে রাখতে চাইছে? জামিন চেয়ে আদালতের কাছে সোজাসুজিই জানতে চাইলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
সোমবার শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআইয়ের মামলার শুনানিতে আলিপুর আদালতে হাজির করানো হয়েছিল পার্থকে। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দু’টি মামলার শুনানি চলছিল সেখানে। শুনানি শেষে সিবিআই পার্থকে ১৪ দিন হেফাজতে চাইতেই প্রশ্ন তোলেন পার্থ। যদিও আদালতে তিনি নিজের মুখে এ কথা বলেননি।
জানা গিয়েছে, পার্থর হয়ে এই বক্তব্য আদালতকে জানান তাঁর আইনজীবী। তিনি আদালতে বলেন, ‘‘শেষ ১৪ দিনে তদন্তের কী অগ্রগতি হয়েছে যে আমাকে হেফাজতে রাখতে হবে। অনন্তকাল কি হেফাজতে থাকব নাকি?’’
এদিন সোমবার এসএসসি সংক্রান্ত সিবিআই মামলায় তদন্তকারী সংস্থার মন্থর গতিতে তদন্ত এগোনো নিয়ে প্রশ্ন তুলেছে এই মামলার বাকি অভিযুক্তরাও।
এদিন পার্থ-সহ নিয়োগ দুর্নীতি মামলার অন্য অভিযুক্তদের বক্তব্য শোনার পর ফের পার্থদের জামিনের আবেদন খারিজ করেছে আদালত।



