
ভিত কেঁপে গিয়েছে জোশীমঠের (Joshimath)। যে দিকে চোখ যায়, শুধু ফাটল আর ফাটল। যে কোনও মুহূর্তে তলিয়ে যেতে পারে হিমালয়ের কোলের এই ছোট্ট জনপদ। জোশীমঠের মতো এমন ভয়াবহ বিপর্যয় কি উত্তরাখণ্ডের (Utrakhand) অন্য এলাকাগুলিতে হতে পারে?
অশনি সঙ্কেত উত্তরাখণ্ডের চামোলি জেলার অন্তর্গত কর্ণপ্রয়াগে। নেমেছে ধস। কর্ণপ্রয়াগের (Karnaprayag) বহুগুণা নগর এলাকায় প্রায় ৫০টি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। ফাটলের জেরে ওই এলাকার একাধিক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পরিজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
আপার বাজার ওয়ার্ডের ৩০টি পরিবার বিপজ্জনক অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই উত্তরাখণ্ড সরকারের (Government Of Uttarakhand) কাছ থেকে সাহায্যের আর্জি জানিয়েছে কর্ণপ্রয়াগের স্থানীয় পুরসভা।

শুধু চামোলি জেলাই নয়, জোশীমঠের মতো ডুবতে পারে নৈনিতাল (Nainital)। এই আশঙ্কার কথা শুনিয়েছেন ‘সেন্টার ফর ইকোলজি ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ’-এর ডিরেক্টর বিশাল সিংহ (Bishal Singha)। ১৮৬৭ সাল থেকে সে শহরে ভূমি বিপর্যয়ের একাধিক ঘটনা ঘটেছে।
শুধু মাত্র মানুষের দোষেই যে এত বড় বিপর্যয় ঘটছে হিমালয়ের কোলঘেঁষা এই জনপদগুলিতে, তা কিন্তু নয়। এর জন্য দায়ী প্রকৃতির খামখেয়ালিপনা। অতিবৃষ্টিতে ভূমিক্ষয় এই বিপর্যয়ের অন্যতম কারণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।



