রাজ্য

৩ মাসের খাদ্য মজুত, সীমান্তে সতর্ক প্রহরা – ভারত-পাক উত্তেজনার মাঝে প্রস্তুতি নিচ্ছে নবান্ন

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

India Pakistan Tensions : ৩ মাসের খাদ্য মজুত, সীমান্তে সতর্ক প্রহরা – ভারত-পাক উত্তেজনার মাঝে প্রস্তুতি নিচ্ছে নবান্ন - West Bengal News 24

ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার আবহে আগাম সতর্কতা হিসেবে রাজ্যের সব জেলাকে খাদ্য মজুত রাখার নির্দেশ দিয়েছে নবান্ন। জুন, জুলাই ও আগস্ট— এই তিন মাসে যাতে কোনও জেলায় খাদ্যদ্রব্যের ঘাটতি না দেখা দেয়, সেই লক্ষ্যে চাল, গমসহ প্রয়োজনীয় দ্রব্য আগে থেকেই মজুত রাখতে বলা হয়েছে। রবিবার মুখ্যসচিব ‘মনোজ পন্থ’ এর নেতৃত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক কর্তারা, পুলিশ সুপার এবং স্বরাষ্ট্র ও স্বাস্থ্য দপ্তরের শীর্ষকর্তারাও।

নবান্ন সূত্রের খবর অনুযায়ী, পরিস্থিতি যেভাবেই মোড় নিক না কেন, রাজ্য প্রশাসন যেন পুরোপুরি প্রস্তুত থাকে, সে কারণেই এই পর্যালোচনা বৈঠক। সীমান্তবর্তী অঞ্চলে বাড়তি নজরদারি, হাসপাতালের জরুরি পরিষেবা প্রস্তুত রাখা, বিপর্যয় মোকাবিলার জন্য বিশেষ প্রশিক্ষণ ও মহড়া— এসব নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, “যেকোনও জরুরি পরিস্থিতিতে যেন সাধারণ মানুষ সমস্যায় না পড়েন”।

জেলাশাসকদের বলা হয়েছে, তিন মাসের রেশন আগাম তিন ধাপে পাঠিয়ে দিতে। কোন জেলায় কত খাদ্য মজুত রয়েছে, তাও পৃথকভাবে খতিয়ে দেখা হয়েছে। যদিও অধিকাংশ জেলাতেই যথেষ্ট পরিমাণ মজুত রয়েছে, তবুও কোনওরকম ঝুঁকি না নিয়ে আগেভাগেই প্রস্তুতি সম্পূর্ণ করতে চাইছে রাজ্য।

বৈঠকে সীমান্তবর্তী জেলা গুলিতে নজরদারি জোরদার করতে পুলিশকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়। দুর্গম এলাকা, পাহাড়, অরণ্যঘেরা অঞ্চল, এমনকি সুন্দরবনের জলপথ ও উত্তরবঙ্গের আন্তর্জাতিক সীমান্তে অতিরিক্ত প্রহরা ও টহলের কথা বলা হয়েছে। পাশাপাশি, হাসপাতালগুলির উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের জানানো হয়েছে, “যাতে জরুরি মুহূর্তে চিকিৎসা পরিষেবায় কোনও ঘাটতি না থাকে, তার জন্য সমস্ত প্রস্তুতি আগেই সেরে ফেলতে হবে”।

এছাড়াও, দমকল ও বিপর্যয় মোকাবিলা বিভাগের আধিকারিকদের জানানো হয়েছে, জরুরি উদ্ধারকাজে দক্ষতা বাড়াতে মহড়া চালিয়ে যেতে হবে। সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের জন্য রিফ্রেশার কোর্স ও বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনাও চূড়ান্ত হয়েছে। আধুনিক যন্ত্রপাতি কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে যাতে এই বিভাগগুলো আরও সক্ষম হয়ে ওঠে। বৈঠকে “সাইরেন ব্যবস্থা পুরোপুরি চালু রাখার” বিষয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য