উঃ ২৪ পরগনা

ভুয়ো কনস্টেবলের কাণ্ড! এক বছর ধরে ছদ্মবেশে পুলিশ সেজে ঘোরাফেরা, শেষমেশ ধরা পড়ল যুবক

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Ankit Ghosh Police : ভুয়ো কনস্টেবলের কাণ্ড! এক বছর ধরে ছদ্মবেশে পুলিশ সেজে ঘোরাফেরা, শেষমেশ ধরা পড়ল যুবক - West Bengal News 24

প্রায় এক বছর ধরে পুলিশের পোশাক পরে সমাজ ও পরিবারের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছিল এক যুবক। ভুয়ো পরিচয়ে নিজেকে পরিচয় দিত পুলিশ কনস্টেবল হিসেবে। অবশেষে গাইঘাটা থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করেছে। ধৃতের নাম অঙ্কিত ঘোষ (Ankit Ghosh)। তার বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার শিমুলপুর চৌরঙ্গী এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, অঙ্কিত পুলিশের বেশ কয়েকটি কনস্টেবলের পোশাক তৈরি করিয়ে নিয়েছিল। সেগুলি পরে প্রায় প্রতিদিনই বেরিয়ে পড়ত। এলাকায় ঘোরাঘুরি করত পুলিশের উর্দি পরে, ছবি দিত সমাজমাধ্যমে। বাড়ির লোকজন জানতেন, সে পুলিশের চাকরি করে এবং তার পোস্টিং রয়েছে সল্টলেকের বিকাশ ভবনে। পরিবারের লোকেরা গর্ব অনুভব করতেন ছেলের সাফল্যে। প্রতিবেশীরাও তাকে নিয়ে গর্ব করতেন।

তবে এই সাজসজ্জা ও নাটক দীর্ঘদিন টিকল না। গোপন সূত্রে খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ নজর রাখে অঙ্কিতের উপর। মঙ্গলবার তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে নিজেকে কনস্টেবল বলে দাবি করে। কিন্তু তার কথায় অসঙ্গতি ধরা পড়ে। পুলিশ যখন তার কাছে প্রমাণপত্র চায়, তখন অঙ্কিত নিজের অপরাধ স্বীকার করে নেয়।

পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক সেট পুলিশের পোশাক, ভুয়ো নেমপ্লেট এবং নকল পরিচয়পত্র। জানা গেছে, অঙ্কিত একসময় পুলিশের চাকরির জন্য পরীক্ষা দিয়েছিল, কিন্তু সফল হয়নি। তবুও সে বাড়িতে মিথ্যে বলে জানায়, সে চাকরি পেয়েছে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ইউনিফর্ম পরে বাড়ি থেকে বেরিয়ে যেত এবং বলত “ডিউটিতে যাচ্ছি।”

এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষের মধ্যে বিস্ময় ও বিভ্রান্তি দেখা দিয়েছে—যে ছেলেকে এতদিন পুলিশ অফিসার ভেবে শ্রদ্ধা করতেন, সে আদতে ছিল একজন প্রতারক।

ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। কী উদ্দেশ্যে এই ছদ্মবেশ, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশি সূত্রে ইঙ্গিত, আরও বড় কোনও চক্রের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন ::

Back to top button