হাসিনার পথে হেঁটে আম-কূটনীতিতে ভরসা, মোদিকে হাঁড়িভাঙা আম পাঠালেন ইউনুস
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে আসার পর থেকেই ড. মহম্মদ ইউনুস দেশের রাজনৈতিক ইতিহাসে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন। শেখ হাসিনার শাসনামলের বহু দিকেই বদল আনতে সচেষ্ট নতুন প্রশাসন। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের উত্তরাধিকার নিয়েও বিতর্ক তৈরি হয়েছে বলে অভিযোগ। তবে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে শেখ হাসিনার ‘আম-কূটনীতি’র পথেই হেঁটেছেন ইউনুস।
এই ঐতিহ্য বজায় রেখে তিনি এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে ‘রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম’ পাঠিয়েছেন। সূত্রের খবর, উত্তরাঞ্চলের রংপুর জেলা থেকে সংগ্রহ করা হয়েছে এই আম। বাংলাদেশের পক্ষ থেকে এই উপহার পাঠানো হয়েছে দুই দেশের কূটনৈতিক বন্ধুত্ব অটুট রাখতেই।
গত কয়েক বছরে শেখ হাসিনা আমের মরশুমে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের কাছে আম পাঠিয়েছেন উপহারের বার্তা হিসেবে। সেই ধারাবাহিকতা মেনেই এবারও প্রধান উপদেষ্টা ড. ইউনুস বৃহস্পতিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য ‘আম পাঠিয়েছেন’। দিল্লিতে বাংলাদেশের দূতাবাস সূত্রে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। আমের চালান ইতিমধ্যেই সীমান্ত অতিক্রম করে পৌঁছে গিয়েছে রাজধানীতে। খুব তাড়াতাড়িই এই আম ‘৭ নম্বর লোককল্যাণ মার্গ’-এ পাঠানো হবে বলেই জানা গিয়েছে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার উদ্দেশেও ইতিমধ্যেই উপহার হিসেবে ৩০০ কেজি হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন ড. ইউনুস। বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পেরিয়ে ত্রিপুরায় পৌঁছয় উপহারটি। সরাসরি রংপুর থেকে পাঠানো এই আমগুলিকে প্রথমে আখাউড়ায় কাস্টমস প্রক্রিয়ার মাধ্যমে ছাড় করানো হয় এবং তারপর সেগুলি পৌঁছে দেওয়া হয় আগরতলা বন্দরে।
এই আমগুলো ছিল ‘৬০টি কার্টনে প্যাক করা’, এবং প্রত্যেকটিই প্রিমিয়াম কোয়ালিটির ‘হাঁড়িভাঙা’ প্রজাতির। আগরতলা বন্দরে উপহারটি বাংলাদেশের সহকারী হাইকমিশনের আধিকারিক চঞ্চল দে-র হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন আগরতলা বন্দর সুপারিন্টেনডেন্ট দেবাশিস নন্দী।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রীকে আম পাঠানোর এই প্রথা শুরু হয়েছিল শেখ হাসিনার সময়েই। দিল্লির পাশাপাশি পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদেরও আম পাঠাতেন হাসিনা। সেই কূটনৈতিক রীতি বজায় রেখে এবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও একই উদ্যোগ দেখা গেল। শুধু আমই নয়, বাংলাদেশের উদ্দেশেও ত্রিপুরা থেকে উপহার হিসেবে পৌঁছয় স্থানীয় বিখ্যাত ‘কুইন জাতের আনারস’। দুই দেশের এই ফল কূটনীতি এখনও অব্যাহত।



