বিচিত্রতা

পিএইচডি শেষে স্ত্রীকে নিয়ে নুডলসের দোকান, দৈনিক আয় ১২০০ ডলার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

পিএইচডি শেষে স্ত্রীকে নিয়ে নুডলসের দোকান, দৈনিক আয় ১২০০ ডলার - West Bengal News 24

পড়ালেখার পাঠ চুকলেই জীবিকা নিয়ে শঙ্কায় পড়ে যাই আমরা। কি করবো, কীভাবে জীবন পরিচালনা করবো- তা নিয়ে একধরনের অনিশ্চয়তা কাজ করে। অন্যদিকে কারও যদি উচ্চতর ডিগ্রি থাকে তাহলে তারা চাইলেই যেকোনো কাজে উৎসাহ সঞ্চয় করতে পারেন না। সামাজিক নানা ট্যাবু ঘিরে ধরে তাদের। তবে এবার এসবের ব্যত্যয় ঘটালেন চীনের পিএইচডি ডিগ্রিধারী এক দম্পতি। বেলজিয়ামে পিএইচডি শেষ করেই খুলে বসেছেন নুডলসের দোকান। আয় করছেন হাজার হাজার ডলার। স্বামী ডিং দেশেই ডক্টরেট শেষ করেন। চলে যান বেলজিয়ামে। সেখানে মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনে পোস্টডক্টরাল গবেষণা করেন। এ বিষয়ে অন্তত ৩০টি গবেষণাপত্রও প্রকাশ করেছেন তিনি।

স্ত্রী ওয়াংয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই পরিচিত হন ডিং। এরপর ২০১৫ সালে তাদের বিয়ে হয়। বসবাস শুরু করেন বেলজিয়ামে। সেখানেই তাদের প্রথম সন্তানের জন্ম হয়। গবেষণার বাইরে স্থিতিশীল কোনো কাজ না পেয়ে একপর্যায়ে স্ত্রীকে নিয়ে ব্যবসা করার সিদ্ধান্ত নেন ডিং। যেই চিন্তা- সেই কাজ। দুজনে মিলে খুলে বসেন মটরশুঁটি দিয়ে রান্না করা সুস্বাদু নুডলসের একটি দোকান। যা অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে। স্থানীয় জিমু নিউজ জানিয়েছে, মটরশুঁটির নুডলস বিক্রি করে দৈনিক ১২০০ ডলারের বেশি আয় করেন তারা। এ খবর দিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

এতে বলা হয়, গত মে মাস থেকে এই দম্পতি বেলজিয়ামের স্থানীয় বাজারগুলোতে মশলাদার মটরশুঁটির নুডলস বিক্রি করা শুরু করেন। এটি ওয়াংয়ের নিজ শহর চংকিংয়ের একটি সুস্বাদু খাবার। স্থানীয়দের রুচি অনুযায়ী ওয়াং নুডলসের ঝাল কিছুটা কমিয়ে দিয়েছেন। ওয়াং জিমু নিউজকে বলেন, ছোটবেলা থেকেই তিনি এই খাবারটি খেয়ে বড় হয়েছেন এবং দীর্ঘদিন ধরে তার নিজের একটি দোকান খোলার স্বপ্ন ছিল।

তাদের দোকানে খাবারের জন্য কয়েকটি চেয়ার রাখা আছে। রান্নার প্রয়োজনীয় উপকরণ আগে থেকে প্রস্তুত করে রাখায়, প্রতিটি বাটি তৈরি করতে মাত্র কয়েক মিনিট লাগে। ডিং জানান, তারা সপ্তাহে দু’দিন দোকান চালান এবং নুডলসের ধরন অনুযায়ী প্রতি বাটি ৮ থেকে ১১ ডলার বিক্রি করেন। সবচেয়ে ব্যস্ত দিনে তাদের আয় অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি হয়। এর পাশাপাশি অন্য কাজও করেন স্বামী ডিং। ওয়াং বলেন, দোকান চালানো গবেষণার মতোই, এটি কেবল আমাদের পরিবারকে সাহায্য করার একটি উপায়।

এই দম্পতির দোকানের ভিডিওগুলো চীনের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং তাদের অনুসারীর সংখ্যা ৭৮ হাজার ছাড়িয়ে গেছে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, একজন বয়স্কা ক্রেতা চপস্টিক ব্যবহারে কষ্ট করছেন। তবে তিনি বলেন, এখন পর্যন্ত যত চীনা নুডলস খেয়েছি, এটি তার মধ্যে সেরা। একজন নিয়মিত ক্রেতা বলেন, আমি জানতাম না যে, মটরশুঁটি এত সুস্বাদু হতে পারে।

এই দম্পতির গল্প অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে। একজন অনলাইন ব্যবহারকারী মন্তব্য করেছেন, তারা দারুণ উদ্যোক্তা- যারা চীনা স্ট্রিট ফুড বিদেশে নিয়ে গেছেন এবং তা থেকে অর্থ উপার্জন করছেন। আরেকজন লিখেছেন, চীনের অসংখ্য অসাধারণ খাবার রয়েছে, যা বিশ্বের সঙ্গে ভাগ করে নেয়া উচিত।

আরও পড়ুন ::

Back to top button