ছ’দিনের বিশৃঙ্খলার পর ৬১০ কোটি টাকা ফেরাল ইন্ডিগো, ফেরানো হল ৩ হাজার ব্যাগও
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর পরিষেবা ভেঙে পড়ার পর যাত্রীদের ক্ষোভ বাড়ছিল। অভিযোগ উঠছিল বিমান বিভ্রাটের মধ্যেও টিকিটের টাকা ফেরত দিচ্ছে না কোম্পানি। অবশেষে কেন্দ্রীয় নির্দেশিকার পরে রোববার রাত ৮টার আগে যাত্রীদের রিফান্ড দিতে বাধ্য হয় ইন্ডিগো। ছয় দিনের অস্থিরতার পর সংস্থাটি মোট ৬১০ কোটি টাকা ফেরত দিয়েছে যাত্রীদের। সেই সঙ্গে ফেরানো হয়েছে ৩ হাজার ব্যাগ।
প্রতিদিন প্রায় ২৩০০ উড়ান পরিচালনাকারী ইন্ডিগোর পরিষেবা গত ছ’দিন ধরে প্রায় স্তব্ধ হয়ে ছিল। নেপথ্যে কর্মী সংকট। ডিজিসিএ-র নিয়ম মেনে পাইলটদের পর্যাপ্ত ছুটি দিতে গিয়ে উড়ান পরিচালনায় ধস নামে বলে মনে করা হচ্ছে।
এদিকে ইন্ডিগোর ‘অব্যবস্থা’ নিয়ে সরব কংগ্রেস। তাদের অভিযোগ, নির্বাচনী বন্ডের মাধ্যমে ইন্টারগ্লোব গোষ্ঠীর কাছ থেকে বড় অঙ্কের অর্থ গ্রহণ করায় কেন্দ্র এতদিন ইন্ডিগোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়নি। কংগ্রেস নেতা শক্তিকান্ত সেম্বিল দাবি করেছেন, নির্বাচনী বন্ডের তথ্যে দেখা যাচ্ছে ইন্ডিগোর মালিক রাহুল ভাটিয়া ও তাঁর সংস্থা মোট ৫৬ কোটি টাকা চাঁদা দিয়েছেন, যার মধ্যে বিজেপি পেয়েছে ৩১ কোটি। তাই কি যাত্রী সুরক্ষার প্রশ্নে কেন্দ্র নীরব ছিল এমন প্রশ্ন তুলেছে কংগ্রেস।
কোভিড-লকডাউনের সময়ও যখন বিমান সংস্থাগুলি আর্থিক সমস্যায় ভুগছিল, তখনও ইন্ডিগো চারটি রাজনৈতিক দলকে ৫৬ কোটি টাকা দিয়েছিল বলেও দাবি করা হচ্ছে। কংগ্রেসের অভিযোগ রাজনৈতিকভাবে গুরুতর প্রভাব ফেলতে পারে।
এদিকে যাত্রী ভোগান্তি চরমে ওঠায় ডিজিসিএ ইতিমধ্যেই ইন্ডিগো সিইও পিটার এলবার্সকে নোটিস দিয়েছে। সংস্থার বিরুদ্ধে অভিযোগ নতুন বিধি আগেই জানানো সত্ত্বেও আগাম প্রস্তুতি নেওয়া হয়নি। কেন পর্যাপ্ত ব্যবস্থাপনা করা হল না, ২৪ ঘণ্টার মধ্যে তার জবাব দিতে হবে বলে নির্দেশ দিয়েছে ডিজিসিএ।



