বাণিজ্য ময়দানে কোহলির নতুন ‘ইনিংস’, পুমার মোটা চুক্তি নাকচ করে দিলেন বিরাট
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের পাশাপাশি বাণিজ্যক্ষেত্রেও বড় পদক্ষেপ নিলেন বিরাট কোহলি। জনপ্রিয় ক্রিকেটার এবার নতুন ব্যবসায়িক অধ্যায়ে পা রাখলেন স্পোর্টসওয়্যার স্টার্টআপ অ্যাজিলিটাস স্পোর্টসের সঙ্গে যুক্ত হয়ে। এই সহযোগিতার বিনিময়ে আন্তর্জাতিক ব্র্যান্ড পুমা যে ৩০০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল, সেটি তিনি নাকি শালীনভাবেই প্রত্যাখ্যান করেছেন। জানা গিয়েছে, সংস্থাটিতে বিরাট কোহলির অংশীদারিত্বও থাকবে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে দুরন্ত পারফরম্যান্স দুটি শতরান ও একটি অর্ধশতক তাঁকে এনে দিয়েছে সিরিজ সেরার সম্মান। সেই উজ্জ্বল ফর্মের মাঝেই রবিবার লন্ডনের পথে পাড়ি জমান তিনি। এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান নতুন উদ্যোক্তা যাত্রার কথা। বিরাটের মন্তব্য “আমি যখন এই বিষয়টা প্রথম শুনি, তখনই ঠিক করে নিয়েছিলাম এখানে যোগ দেব। যারা এই সংস্থায় রয়েছেন, যেভাবে স্পোর্টসওয়্যার তৈরি হবে, সব মিলিয়ে আমার মনে হয়েছে এটা বিরাট উদ্যোগ।”
নতুন এই চুক্তির অধীনে বিরাট শুধুমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ভূমিকায় থাকছেন না, বরং বিনিয়োগকারীর ভূমিকায়ও যুক্ত হচ্ছেন অ্যাজিলিটাস স্পোর্টসের সঙ্গে। তাঁর হাতে থাকবে মোট ১.৯৪ শতাংশ শেয়ার। একইসঙ্গে তাঁর ব্র্যান্ড One8-এর পণ্যের বিপণন ও বিস্তারের দায়িত্বও নেবে সংস্থাটি, যার ফলে সাধারণ দর্শকের কাছে আরও সহজেই পৌঁছবে বিরাটের পোশাক-সংক্রান্ত সামগ্রী।
উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের শুরুতেই দীর্ঘ ৮ বছরের পুমার সঙ্গে থাকা চুক্তি শেষ করেন বিরাট। প্রথম চুক্তিটি হয়েছিল ১১০ কোটি টাকায়। পরবর্তী মেয়াদে পুমা তাঁকে ৩০০ কোটি-র প্রস্তাব দিলেও তা গ্রহণ করেননি তিনি। অ্যাজিলিটাস স্পোর্টসের চালিকাশক্তি অভিষেক গঙ্গোপাধ্যায় যিনি ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় পুমার প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। তাঁর এই নতুন উদ্যোগের প্রতি গভীর আস্থা রেখেই এগোচ্ছেন বিরাট কোহলি।



