
ট্রোল আর বিতর্ক যেন নেহা কক্করের নিত্যসঙ্গী। কখনও বিদেশে শো করতে দেরিতে পৌঁছে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে, কখনও আবার পোশাক-পরিচ্ছদ নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন। এবার নতুন করে বিতর্কে জড়ালেন গায়িকা, মুখে ললিপপ নিয়ে চটুল ভঙ্গিতে নাচ করার কারণে।
সম্প্রতি ‘ক্যান্ডি শপ’ নামে নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশ্যে এনেছেন ‘কক্কর’ ভাইবোন। এই গানের সুর দিয়েছেন নেহার ভাই টনি কক্কর, আর কণ্ঠে গেয়েছেন নেহা নিজেই। মিউজিক ভিডিওতেও দু’জনকেই দেখা গিয়েছে। কিন্তু মুক্তির পর থেকেই এই গান ও ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে, ‘মুখে ললিপপ গুঁজে যেরকম চটুল ভঙ্গিতে নাচ করেছেন নেহা, তাতে ভারতীয় সংস্কৃতি কলুষিত হচ্ছে!’ কারও দাবি, ‘কোরিয়ান সংস্কৃতির অন্ধ অনুকরণ করতে গিয়েই দেশের সংস্কৃতিকে অপমান করেছেন নেহা।’ আবার অনেকে প্রশ্ন তুলেছেন, ‘মুখে ললিপপ নিয়ে এ কেমন অশালীন ভঙ্গিতে নাচ?’ কেউ কেউ লিখেছেন, ‘ভীষণ খোলামেলা পোশাক, ছিঃ!’ এমনকি অঙ্গভঙ্গির কারণে ‘মক্ষীরানি’ তকমাও দেওয়া হয়েছে ‘ক্যান্ডি শপ’-এর গায়িকাকে। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে একের পর এক কটু মন্তব্য।
এখানেই শেষ নয়। শুধু নাচ নয়, গানের ভাষা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, ‘এই ‘ক্যান্ডি শপ’ গানের ঠেলায় তো কান থেকে রক্ত বেরনোর জো হয়েছে!’ কেউ কেউ আবার এমন অভিযোগও তুলেছেন যে, ‘এই মিউজিক ভিডিওর জন্য নাকি প্লাস্টিক সার্জারি করিয়ে বয়স কমিয়েছেন নেহা কক্কর।’ সব মিলিয়ে, প্রকাশের পর থেকেই নেহা-টনির এই মিউজিক ভিডিও ঘিরে নেতিবাচক প্রতিক্রিয়ায় উত্তাল সোশাল মিডিয়া। উল্লেখ্য, কিছুদিন আগেই দুর্গাপুরে একটি কনসার্টে নাচের ভঙ্গি নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন নেহা কক্কর।



