ক্রিকেট

বাংলাদেশ বাদ পড়তেই বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি পাকিস্তানের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বাংলাদেশ বাদ পড়তেই বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি পাকিস্তানের - West Bengal News 24

টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে শুরু থেকেই সরব ছিল পাকিস্তান। প্রত্যাশিতভাবেই এবার সেই অবস্থান আরও কড়া ভাষায় প্রকাশ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ‘ওপার বাংলার’ দলকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অন্যায় বলে দাবি করে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিলেন পিসিবি প্রধান মহসিন নকভি। তাঁর বক্তব্য, সরকার অনুমতি দিলে পাকিস্তানও বিশ্বকাপে অংশ নেবে না।

ভারত-বিরোধী অবস্থানের জন্য নকভি আগেই পরিচিত। তাই এই ইস্যুতে শুরু থেকেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসির বোর্ড মিটিংয়েও বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় পাকিস্তান। সূত্রের দাবি, ওই বৈঠকে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রশ্নে একমাত্র পাকিস্তানই বিপক্ষে ভোট দিয়েছিল। বাংলাদেশের অনুপস্থিতিতে আইসিসির উপর চাপ তৈরি হতে পারে এই সমীকরণেই পাকিস্তান নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইছে। সেই সঙ্গে আইসিসি সভাপতি জয় শাহ এবং ভারতের উপর চাপ বাড়ানোর কৌশলও নিচ্ছে ইসলামাবাদ।

আইসিসির তরফে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানানো হতেই প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন নকভি। তিনি বলেন, “আমরা শুরু থেকেই বলে আসছি বাংলাদেশের সঙ্গে অন্যায় হচ্ছে। বাংলাদেশকে যেভাবেই হোক বিশ্বকাপে খেলাতে হবে। ওরা বিশ্বকাপের বড় অংশীদার। ওদের সাথে এই অন্যায়টা বরদাস্ত করা হবে না।”
এরপর আরও একধাপ এগিয়ে হুঁশিয়ারির সুরে তিনি যোগ করেন, “পাকিস্তান সরকার যদি বলে আমরাও খেলতে যাব না। তাহলে আপনারা ২২ নম্বর দল তৈরি রাখুন।”

তবে এই সিদ্ধান্তের দায়িত্ব কৌশলে সরকারের ঘাড়েই ঠেলে দিয়েছেন পিসিবি প্রধান। নকভির বক্তব্য, “এই সিদ্ধান্তটা নিতে হবে পাকিস্তান সরকারকে। আমরা সরকারের সঙ্গে কথা বলব।” অর্থাৎ শেষ কথা বলবে ইসলামাবাদ।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশকে সমর্থন করে যদি পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের পথে হাঁটে, তা হলে আইসিসি নিঃসন্দেহে বড় চাপে পড়বে। কারণ পাকিস্তান ক্রিকেট বিশ্বে একটি প্রতিষ্ঠিত দল। তাদের অনুপস্থিতিতে বিশ্বকাপের আকর্ষণ যেমন কমবে, তেমনই বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে আইসিসি। তবে প্রশ্ন উঠছে অন্য জায়গায় বর্তমানে আর্থিক সংকটে জর্জরিত পাকিস্তান ক্রিকেট বোর্ড আদৌ কি এত বড় ঝুঁকি নিতে পারবে? সেই উত্তরই এখন ক্রীড়ামহলের কৌতূহলের কেন্দ্রবিন্দু।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য