সংগীত

মুম্বইয়ে কোটি টাকার গাড়ি-বাড়ি, দেশে-বিদেশে কনসার্ট – সম্পত্তিতে বলিউড তারকাদেরও টেক্কা অরিজিতের!

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Arijit Singh : মুম্বইয়ে কোটি টাকার গাড়ি-বাড়ি, দেশে-বিদেশে কনসার্ট – সম্পত্তিতে বলিউড তারকাদেরও টেক্কা অরিজিতের! - West Bengal News 24

গত চব্বিশ ঘণ্টায় সিনে ও সোশাল দুনিয়ায় কার্যত তোলপাড়। আর কোনওদিন প্লেব্যাক গাইবেন না অরিজিৎ সিং এই খবরে চমকে গিয়েছে অনুরাগীমহল। দেশের এক নম্বর নেপথ্য কণ্ঠশিল্পী হয়েও মাত্র ৩৮ বছর বয়সে কেরিয়ারের মধ্যগগনে স্বেচ্ছাবসর নেওয়ার সিদ্ধান্ত বিরল বলেই মনে করছেন সঙ্গীতপ্রেমীরা। এই ঘোষণার পাশাপাশি নতুন করে আলোচনায় উঠে এসেছে তাঁর বিপুল সম্পত্তির অঙ্ক। উল্লেখ্য, প্লেব্যাক দুনিয়াকে বিদায় জানালেও রেকর্ড পারিশ্রমিক ও সম্পদের নিরিখে অরিজিতের অবস্থান এখনও অপ্রতিদ্বন্দ্বী।

বলিউড সূত্রের দাবি, বর্তমানে অরিজিৎ সিংয়ের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ৪১৪ কোটি টাকা। নিয়মিত লাইভ শো ও কনসার্টের পাশাপাশি দীর্ঘদিন ধরে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে আকাশছোঁয়া পারিশ্রমিকই এই সম্পদের মূল ভিত্তি। সম্পত্তির তালিকায় রয়েছে একাধিক বাড়ি ও দামি গাড়ি। মুম্বইয়ের অভিজাত এলাকায় কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট থাকলেও, নিজের শিকড় জিয়াগঞ্জের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি অরিজিৎ।

‘ফেম গুরুকূল’-এর মঞ্চে ষষ্ঠ স্থান পাওয়ার পর যে মুর্শিদাবাদের তরুণকে হতাশা নিয়ে প্রতিযোগিতা ছাড়তে হয়েছিল, সেই শিল্পীই টানা অধ্যবসায় ও রেওয়াজে গড়ে তুলেছেন প্রায় ১৫ বছরের সফল প্লেব্যাক কেরিয়ার। যার সুবাদে আন্তর্জাতিক স্তরেও তাঁর খ্যাতি পৌঁছে গিয়েছে। এমনকী তাঁর প্রতিভার টানে মুর্শিদাবাদে হাজির হয়েছিলেন এড শিরানও। তবে সাদামাটা জীবনযাপনের আড়ালেই রয়েছে বিলাসের ছোঁয়া নভি মুম্বইয়ে প্রায় ৮ কোটি টাকার একটি বাড়ি এবং ভারসোভায় আনুমানিক ৯ কোটি টাকার একটি অ্যাপার্টমেন্ট রয়েছে বলে জানা যায়।

মুর্শিদাবাদের অলিগলিতে স্কুটি চেপে ঘোরাঘুরি করলেও অরিজিতের গাড়ির সংগ্রহ যথেষ্ট চমকপ্রদ। রেঞ্জ রোভার, মার্সিডিজের মতো গাড়ির পাশাপাশি সাড়ে তিন কোটি টাকার বিলাসবহুল যানও রয়েছে তাঁর গ্যারাজে। শুধু গান গেয়ে নয়, বিজ্ঞাপন থেকেও মোটা অঙ্কের আয় করেন তিনি। দীর্ঘদিন ধরেই নামী ঠান্ডা পানীয় এবং আন্তর্জাতিক মোবাইল ব্র্যান্ডের মুখ অরিজিৎ। পাশাপাশি একেকটি লাইভ কনসার্ট থেকেও আসে বিপুল অর্থ।

সঙ্গীত পরিচালক মন্টি শর্মা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পারফরম্যান্স পিছু ২ কোটি টাকা নেন অরিজিৎ। দু’ঘণ্টার লাইভ কনসার্টের জন্য তাঁর পারিশ্রমিক প্রায় ১৪ কোটি টাকা, যা তাঁকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সঙ্গীতশিল্পীদের তালিকায় জায়গা করে দিয়েছে। সাধারণত তাঁর কনসার্টের টিকিটের দাম ২,০০০ থেকে ৮০,০০০ টাকার মধ্যে থাকলেও, লোকেশন অনুযায়ী তা বদলায়। সম্প্রতি পুণেতে এক কনসার্টে প্রিমিয়াম লাউঞ্জের টিকিট ১৬ লক্ষ টাকায় বিক্রি হওয়ার ঘটনাও নজির গড়েছে। দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত অরিজিৎ সিং এবার প্লেব্যাক থেকে বিরতি নিলেন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য