রাজ্য

নির্বাচন ঘোষণার আগেই কড়া নিরাপত্তা, দুই দফায় রাজ্যে ঢুকছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

নির্বাচন ঘোষণার আগেই কড়া নিরাপত্তা, দুই দফায় রাজ্যে ঢুকছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী - West Bengal News 24

বিধানসভা ভোটকে ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়ে গেল রাজ্যে। নির্বাচন ঘোষণার আগেই বাংলায় পাঠানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। আগামী ১ মার্চ থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় ধাপে ধাপে আধাসেনা মোতায়েন শুরু হবে। মোট দুই পর্যায়ে ৪৮০ কোম্পানি আধাসেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দফায় ১ মার্চ ২৪০ কোম্পানি বাহিনী রাজ্যে পৌঁছবে, এরপর ১০ মার্চ দ্বিতীয় দফায় বাকি বাহিনী আসবে।

এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজিপিকে চিঠি পাঠিয়ে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ২০ ফেব্রুয়ারি শুক্রবার বৈঠকে বাংলার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দফায় আসা ২৪০ কোম্পানির মধ্যে থাকবে ১১০ কোম্পানি সিআরপিএফ, ৫৫ কোম্পানি বিএসএফ, ২১ কোম্পানি সিআইএসএফ, ২৭ কোম্পানি আইটিবিপি এবং ২৭ কোম্পানি এসএসবি।

দ্বিতীয় দফায় ১০ মার্চ আরও ২৪০ কোম্পানি আধাসেনা রাজ্যে পৌঁছবে। সেই পর্যায়ে ১২০ কোম্পানি সিআরপিএফ, ৬৫ কোম্পানি বিএসএফ, ১৬ কোম্পানি সিআইএসএফ, ২০ কোম্পানি টিআইবিপি এবং ১৯ কোম্পানি এসএসবি মোতায়েন করা হবে। মূলত স্পর্শকাতর এলাকায় টহল, গুরুত্বপূর্ণ বুথে নজরদারি, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইভিএমের সুরক্ষার দায়িত্বে থাকবে এই বাহিনী।

জানা গিয়েছে, মোট ৯ সেকশন আধাসেনার মধ্যে ৮ সেকশন ব্যবহার করা হবে বুথ নিরাপত্তা ও নিয়মিত টহলদারির কাজে। অবশিষ্ট ১ সেকশনকে রাখা হবে ‘কুইক রেসপন্স টিম’ হিসেবে, যাতে কোনও এলাকায় অশান্তি বা বড় ধরনের সমস্যা তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

চিঠিতে আরও বলা হয়েছে, বাহিনী মোতায়েন সংক্রান্ত পূর্ণাঙ্গ পরিকল্পনা সিআরপিএফের ওয়েস্ট বেঙ্গল সেক্টরের আইজি সঞ্জয় যাদবকে জানাতে হবে। তাঁকে ২০২৬ সালের নির্বাচনে বাংলায় কেন্দ্রীয় বাহিনীর সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি এত সংখ্যক বাহিনীর থাকা, যাতায়াত ও অন্যান্য পরিকাঠামোগত ব্যবস্থার দায়িত্ব রাজ্য প্রশাসনকেই নিতে বলা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য